২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয়দের সঙ্গে বিরোধে চট্টগ্রামে মার্কেট বন্ধ

স্থানীয়দের সঙ্গে বিরোধের জের ধরে বন্দর নগরীর কোতোয়ালি থানাধীন বিপণি কেন্দ্র টেরিবাজারে ব্যবসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 11:33 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার সন্ধ্যায় এই ঘটনার পর ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন ছিল।

এর আগে দুপুরে টেরি বাজারের একটি দোকানের সামনে স্থানীয় এক তরুণের মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে টেরি বাজারের সাজগোজ নামের একটি দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে দোকান কর্মচারীদের সঙ্গে এক তরুণের বাক বিতণ্ডা হয়। এই ঘটনার পর দোকান মালিক দোকানটি বন্ধ করে চলে যান।

পরে স্থানীয় যুবকরা সংঘবদ্ধ হয়ে আবার ওই এলাকায় আসে। তখন ‘রাজস্থান’ নামের আরেকটি দোকানের কর্মচারীদের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটি হয়।

বিকালে ওই যুবকরা রাজস্থানে ইট ছোড়ে এবং দোকানের এক কর্মচারীকে মারধর করে বলে ব্যবসায়ীদের অভিযোগ।

এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ইফতারের পর টেরিবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং প্রায় দেড় হাজার দোকানের সবগুলো বন্ধ করে দেন।

টেরিবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজস্থানসহ তিন-চারটি দোকানে ভাংচুর করা হয়েছে।

তবে স্থানীয়দের সঙ্গে সমঝোতার একটি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

কোতোয়ালি থানার উৎপল বযুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছেন।