পুরস্কার পেল সাত কমিউনিটি ক্লিনিক
জাতীয় পর্যায়ে সাতটি শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিককে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকে ওয়েবভিত্তিক স্বাস্থ্য সেবা ও তথ্য ব্যবস্থাপনা সম্প্রসারণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “কমিউনিটি ক্লিনিক করতে কোনো সেমিনার করতে হয়নি। কাউকে ডাকতে হয়নি। বাংলাদেশ বিশ্বকে এটি উপহার দিয়েছে।”
গ্রামীণ স্বাস্থ্যসেবার এ প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমি স্থানীয় জনগণকে অনুরোধ করব, কমিউনিটি ক্লিনিকগুলো যেনো ঠিকভাবে চলে সেজন্য সচেষ্ট হবেন।”
স্বাস্থ্যসেবায় অবদানের জন্য প্রথম পুরস্কার পেয়েছে খুলনা বিভাগের নড়াইলের সিংগাসোলপুর ইউনিয়নের বড়োগাতি কমিউনিটি ক্লিনিক, দ্বিতীয় পুরস্কার পেয়েছে রংপুর বিভাগের লালমনিরহাটের কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি কমিউনিটি ক্লিনিক, তৃতীয় পুরস্কার পেয়েছে রাজশাহী বিভাগের পানার ধোপাদাহা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক, চতুর্থ পুরস্কার পেয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজারের জাফরনগর ইউনিয়নের বোগটেরা কমিউনিটি ক্লিনিক, পঞ্চম পুরস্কার পেয়েছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার পঞ্চবটি ইউনিয়নের শরিফপুর কমিউনিটি ক্লিনিক, ষষ্ঠ পুরস্কার পেয়েছে ঢাকার কিশোরগঞ্জ জেলার মারিয়া ইউনিয়নের বুড়ংগাচর কমিউনিটি ক্লিনিক এবং সপ্তম পুরস্কার পেয়েছে বরিশাল বিভাগের ভোলার চর সামাইয়া ইউনিয়নের চর শিফলি কমিউনিটি ক্লিনিক।
প্রতিটি ক্লিনিককে পুরস্কার হিসাবে একটি করে ক্রেস্ট ও সনদ এবং ল্যাপটপ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, সরকার ও জনগণের যৌথ অংশীদারিত্বে পরিচালিত কমিউনিটি ক্লিনিকগুলো স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সেবা দেয়। সরকার এসব ক্লিনিকের জন্য ভবন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী নিয়োগ দিচ্ছে এবং উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসক আসার সুযোগ করে দিয়েছে। প্রয়োজনীয় ওষুধও সরকার সরবরাহ করছে।
১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত হলেও তার মধ্যে দশ হাজার ৭২৩টি চালু হয় বলে প্রধানমন্ত্রী জানান।
“২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে এ ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। কারণ হিসাবে বলা হয়, এসব ক্লিনিক চালু থাকলে নৌকা মার্কায় ভোট বেড়ে যাবে। এ ধরণের হীনমন্যতায় কোনো রাজনৈতিক নেতৃত্বে ভুগতে পারে কিনা আমরা জানা নেই।”
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ২০০৯ সালে ১০ হাজার ৬২৪টি কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করা হয় বলে শেখ হাসিনা জানান।
তিনি বলেন, “গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র চালু করা হয়েছে।”
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৭ কোটির বেশি মানুষ এসব কমিউনিটি ক্লিনিক থেকে সেবা পেয়েছেন। বর্তমানে ২২৪টি কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা চালু আছে। এসব ক্লিনিকে প্রায় দুই হাজার ৫০০ স্বাভাবিক প্রসব হয়েছে।
সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে মাতৃমৃত্যুর হার এক দশকে প্রতি লাখে ৩২০ জন থেকে ১৯৪ এ নেমে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
“কমিউনিটি ক্লিনিকগুলোতে আমরা ল্যাপটপ সরবরাহের কাজ শুরু করেছি। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে ল্যাপটপ সরবরাহ করা হবে। ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকগুলোই হবে ওই এলাকার তথ্য ভাণ্ডার। মা ও শিশুসহ সব রোগীর তথ্য থাকবে কম্পিউটারে। সব ধরনের রিপোর্টিং সহজ হবে।”
চিকিৎসা সেবার উন্নয়নে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠাসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এম এম নিয়াজউদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি তুষারা ফার্নান্দোজ বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিভাইটালাইজেশন অফ কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশের (আরসিএইচসিআইবি) প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস।
এর আগে কমিউনিটি ক্লিনিকের কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
