২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম নগরীতে বাসচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 07:31 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

নিহত আবদুস সালাম তালুকদার (৪৫) ইপিজেড থানার কলসী দীঘিরপাড় মহসিন কলোনীর বাসিন্দা।

সোমবার সকালে সদরঘাট থানার মাঝিরঘাট পুরনো কাস্টমস এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র বিশ্বাস জানান।

তিনি বলেন, সালাম সকালে নগরীর ফিশারী ঘাট থেকে মাছ নিয়ে রিক্সায় করে কলসী দীঘিরপাড় যাচ্ছিলেন। পুরনো কাস্টমস এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে বহনকারী রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিক্সাচালকও আহত হয়েছেন। তবে তার নাম জানাতে পারেনি পুলিশ।

এদিকে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই।