রায়ের দিনে হরতালে গাড়িতে আগুন
গোলাম আযমের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার দিনে তার দল জামায়াতে ইসলামীর হরতাল শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে।
আগের রায়গুলোর মতো এবার যাতে জামায়াত-শিবির কর্মীরা বিশৃঙ্খলা ও সহিংসতা ঘটাতে না পারে, সেজন্য সোমবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইন্যুনাল এলাকাতে আগের দিন থেকেই নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
তবে এর মধ্যেও শাজাহানপুরে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে হরতালকারীরা। মিরপুরে দুটি লেগুনায় আগুন দেয়ার চেষ্টা করেছে।
মিরপুর, জুরাইন, রায়েরবাগসহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল, গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৪টার দিকে শাজাহানপুরে মির্জা আব্বাসের বাড়ির সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়। পরে অগ্নি নির্বাপক বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, সকাল সোয়া ৬টার দিকে মিরপুরের মাজার রোডে ঝটিকা মিছিল নিয়ে দুটি লেগুনায় আগুন দেয়া চেষ্টা করে শিবির কর্মীরা। এরপর তারা ঢিল ছুড়ে কয়েকটি যানবাহনের কাচ ভাঙে এবং কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, সকালে জুরাইন রেলগেইটের ওপর বালিশের তুলা রেখে আগুন দেয় হরতালকারীরা। এরপর ককটেল ফাটিয়ে তারা সরে পড়ে।
সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় ঝটিকা মিছিল নিয়ে হারতালকারীরা কয়েকটি হাতবোমা ফাটায় বলে এস আই এমরানুল ইসলাম জানান।
হরতালের মধ্যেও সকাল থেকে রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও রাস্তায় গণ পরিবহন চলতে দেখা গেছে।
হরতালের কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে অধিকাংশ দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার জামায়াতের সাবেক এই আমিরের মামলায় রায়ের তারিখ দেয়ার ঘণ্টা তিনেকের মাথায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই হরতাল ডাকেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং অধ্যাপক গোলাম আজমের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করছি।”
রোববার হরতাল ঘোষণা করেই ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে জামায়অত-শিবির কর্মীরা।
রাজধানীর বিজয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে তিনজনকে আহত করে তারা পুলিশের ব্যবহৃত একটি গাড়িতে আগুন দেয়ার পাশাপাশি অন্তত আরো নয়টি গাড়ি ভাংচুর করা হয় ওই এলাকায়।
চট্টগ্রামেও তারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। কয়েকটি গাড়ি ভাংচুরের পাশাপাশি পুলিশের একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়।
সকাল ১০টার পর ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু হওয়ার কথা। এ কারণে দোয়েল চত্বর, কদম ফোয়ারা, সরকারি কর্মজীবী হাসপাতাল মোড়ে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা কেউ ঘটাতে না পারে, সেজন্য পযার্প্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরাও বসানো হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য মোতায়েন থাকবে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, “যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের ক্ষমতা নিয়ে পুলিশ মাঠে থাকবে।”
এর আগে জামায়াতের তিন নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের দিনও হরতাল করে জামায়াত।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২১ জানুয়ারি প্রথম রায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এরপর ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসে। ওই রায়ের দিন এবং পরের দিন হরতাল করে জামায়াত। বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটে।
এরপর ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হয়। সে সময় টানা তিন দিন হরতাল করে জামায়াত। দেশের রেলপথ ধরে এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শুরু হয় নাশকতা। পুলিশ, সরকারি কার্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের অফিসও তাদের হামলার শিকার হয়। এক সপ্তোহের সহিংসতায় পুলিশসহ নিহত হন ৭০ জনেরও বেশি মানুষ।
জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির আদেশ আসে গত ৯ মে। ওইদিন বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের হরতাল থাকায় আলাদা করে আর হরতাল দেয়নি জামায়াত। তবে রায়ের প্রতিবাদে ১২ মে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করে তারা।
মুক্তিযুদ্ধকালীন জামায়াতের আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ, তিনি সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে বাঙালি হত্যা-নির্যাতনের নেতৃত্ব দেন।
মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এদিকে গোলাম আযমের রায়কে কেন্দ্র করে আবার সরব হয়ে উঠেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। রোববার রাত থেকেই শাহবাগে অবস্থান নিয়ে রায়ের অপেক্ষা করছেন মঞ্চের কর্মী-সংগঠকরা।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। আমরা অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে এসেছি যুদ্ধাপরাধের যে কোনো রায়ের আগের দিন থেকে রায় ঘোষণা পর্য্ন্ত আমরা শাহবাগে অবস্থান নেব।”
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে অবস্থান শুরু করে তরুণ সমাজ। তাদের এই আন্দোলন পরে সারাদেশে ছড়িয়ে পড়ে।
গত ২১ ফেব্রুয়ারি টানা অবস্থানের সমাপ্তি ঘোষণা করা হলেও যে কোনো যুদ্ধাপরাধ মামলার রায়ের আগের দিন শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে। গণজাগরণ মঞ্চ জামায়াত নিষিদ্ধের দাবিতেও ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।
