২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের দিন হরতাল ডেকেছে জামায়াত

গোলাম আযমের যুদ্ধাপরাধের মামলার রায়ের দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 09:19 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার জামায়াতের সাবেক এই আমিরের মামলায় রায়ের তারিখ দেয়ার ঘণ্টা তিনেকের মাথায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই হরতাল ডাকেন।  

এক বিবৃতিতে তিনি বলেন, “সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং অধ্যাপক গোলাম আজমের মুক্তির দাবিতে আগামীকাল  সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করছি।”

এর আগে জামায়াতের তিন নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের দিনও হরতাল করে জামায়াত।

রায়ে সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ হলে সারা দেশে ব্যাপক সহিংসতা ঘটায় দলটির কর্মীরা।  

রোববারও হরতাল ঘোষণার কাছাকাছি সময়ে রাজধানীর বিজয়নগর এলাকায় ঝটিকা মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তিনজনকে আহত করে জামায়াত-শিবির কর্মীরা।  পুলিশের ব্যবহৃত একটি গাড়িতে আগুন দেয়ার পাশাপাশি অন্তত আরো নয়টি গাড়ি ভাংচুর করা হয় ওই এলাকায়।     

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২১ জানুয়ারি প্রথম রায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। 

এরপর গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসে। ওই রায়ের দিন এবং পরেরদিন হরতাল করে জামায়াত। বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। 

এরপর ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হয়। সে সময় টানা তিন দিন হরতাল করে জামায়াত। দেশের রেলপথ ধরে এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শুরু হয় নাশকতা। পুলিশ, সরকারি কার্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের অফিসও তাদের হামলার শিকার হয়। এক সপ্তোহের সহিংসতায় পুলিশসহ নিহত হন ৭০ জনেরও বেশি মানুষ।    

জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির আদেশ আসে গত ৯ মে। ওইদিন বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের হরতাল থাকায় আলাদা করে আর হরতাল দেয়নি জামায়াত। তবে রায়ের প্রতিবাদে ১২ মে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করে তারা।

মুক্তিযুদ্ধকালীন জামায়াতের আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ,  তিনি সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে বাঙালি হত্যা-নির্যাতনের নেতৃত্ব দেন।

মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যুদ্ধাপরাধের দায়ে তার বিচারের দাবি দীর্ঘ দিনের।

ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা কেউ ঘটাতে না পারে, সেজন্য পযার্প্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরাও বসানো হবে।

আইন-শৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য মোতায়েন থাকবে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, “যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের ক্ষমতা নিয়ে পুলিশ মাঠে থাকবে।”