জামালপুরে বগি লাইনচ্যুত, এক লাইনে চলছে ট্রেন
জামালপুরের নরুন্দি স্টেশনে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার পর দুইটি লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।
নরুন্দি রেল স্টেশনের মাস্টার আব্দুর রশিদ জানান, শনিবার দুপুরে ঢাকার তেজগাঁও থেকে বাহাদুরাবাদ ঘাটগামী একটি মালবাহী ট্রেন ৬০টি বগি নিয়ে নরুন্দি স্টেশনের দুই নম্বর লাইন অতিক্রমের সময় ৫টি বগি লাইনচুত হয়। এতে স্টেশনের ৩টি লাইন বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার দুঘণ্টা পর এক নম্বর লাইনের উপর পড়া বগি সরিয়ে নিলে ওই লাইনে চলাচল স্বাভাবিক হয়।
তবে দুই ও তিন নম্বর লাইনে লাইনচ্যুত বগিগুলো পড়ে আছে। ফলে দুপুর দুইটা থেকে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার আব্দুর রশিদ।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের ময়মনসিংহের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খানকে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
