হোপের একজনকে জীবিত উদ্ধার, আরেকজনের লাশ
থাইল্যান্ডের ফুকেট উপকূলে কাত হয়ে যাওয়া বাংলাদেশি জাহাজ এমভি হোপের নিখোঁজ এক নাবিককে জীবিত এবং আরেকজনের লাশ উদ্ধার করেছে থাই রয়্যাল নেভির উদ্ধারকারীরা।
চট্টগ্রামে জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহীউদ্দিন আবদুল কাদের শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ জন আরোহী নিয়ে ‘এমভি হোপ’ নামের মালবাহী জাহাজটি বৃহস্পতিবার ভোরে ফুকেট উপকূলে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে কাত হয়ে গেলে আরোহীরা জীবন বাঁচাতে জাহাজ ছেড়ে লাইফ বোটে চড়ে সাগরে নামেন।
বৃহস্পতিবার ওই জাহাজের ছয় নাবিককে উদ্ধার করা হলেও জাহাজের ক্যাপ্টেনসহ ১১ জন নিখোঁজ থাকেন, যাদের খোঁজে শুক্রবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করে থাই নৌবাহিনী।
থাইল্যান্ডের অনলাইন পত্রিকা ফুকেট নিউজ জানায়, ওই এলাকায় থাকা জার্মান মালবাহী জাহাজ এমভি বাক্সমুন শুক্রবার সকালে সাগরে ভাসমান দুটি লাশ পায়। পরে লাশ দুটি হস্তান্তর করা হয় নৌবাহিনীর হাতে।
আর থাই রয়্যাল নেভির উদ্ধারকারীরা এমভি হোপের কাছাকাছি এলাকা থেকে দুজনকে জীবিত উদ্ধার করেন।
মহীউদ্দিন আবদুল কাদের বলেন, “জীবিত উদ্ধার পাওয়া একজন হোপের ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান বলে থাই কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে। তার বাড়ি ময়মনসিংহে।
“আর যে দুজনের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে অন্তত একজন হোপের নাবিক। তবে আমরা এখনো তার পরিচয় জানতে পারিনি।”
কাত হয়ে সাগরে ডুবতে থাকা এমভি হোপ। ছবি: থাই রয়্যাল নেভি
থাই রয়্যাল নেভির দুটি হেলিকপ্টার ও একটি ছোট বিমান আন্দামান সাগরের ওপের নিখোঁজদের খোঁজে টহল দিচ্ছে। নৌবাহিনীর টহল বোটও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
মহীউদ্দিন আবদুল কাদের বলেন, নৌবাহিনীর উদ্ধারকর্মীরা দুর্ঘটনার পর থেকে ৭২ ঘণ্টা, অর্থাৎ রোববার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালাবে বলে জানিয়েছে।
আর জাহাজটি যে অবস্থায় কাত হয়ে আছে, সেটিও উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে কাদের জানান।
মালয়েশিয়ার লুমুট বন্দর থেকে সিরামিক শিল্পে ব্যবহৃত ৬ হাজার ৫৪৫ টন বল ক্লে নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরছিল ৯৮ মিটার দীর্ঘ এমভি হোপ। ওই পণ্য আসছিল বাংলাদেশের আকিজ সিরামিকসের জন্য।
২৩ বছরের পুরনো জাহাজটির মালিক ট্রেড ব্রিজ শিপিং নামের একটি প্রতিষ্ঠান, যার স্বত্ত্বাধীকারী সামা কাদের চৌধুরী। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী।
