আন্দামানে বাংলাদেশি জাহাজের নাবিক নিখোঁজ
আন্দামান সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বাংলাদেশের একটি মালবাহী জাহাজ কাত হয়ে ডুবতে বসেছে। নিঁখোজ রয়েছেন ওই জাহাজের ১১ নাবিক।
চট্টগ্রামে সমুদ্রগামী জাহাজের নিবন্ধন দানকারী সরকারি সংস্থা মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম জানান, এমভি হোপ নামের জাহাজটি বৃহস্পতিবার ভোরের দিকে থাইল্যান্ড ঊপকূলে উত্তাল ঢেউ ও প্রবল বাতাসের কবলে পড়ে কাত হয়ে যায়।
“মালয়েশিয়ার লুমুট বন্দর থেকে সিরামিক শিল্পে ব্যবহৃত ৬ হাজার ৫৪৫ মেট্রিক টন বল ক্লে নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ফিরছিল। জাহাজের ১৭ জন নাবিকের মধ্যে ছয় জনকে উদ্ধার করা হলেও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে আমাদের জানানো হয়েছে।”
থাইল্যান্ডের সংবাদ সংস্থা ফুকেট অনলাইনের খবরে বলা হয়, ফুকেট উপকূলের রাকা জাই দ্বীপের ৫৪ কিলোমিটার দূরে যেখানে এমভি হোপ দুর্ঘটনায় পড়েছে, সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে থাই রয়্যাল নেভি।
মালিকপক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজ ১১ নাবিক হলেন- জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, প্রধান কর্মকর্তা মো. মাহবুব মোর্শেদ, দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেন, ডেক ক্যাডেট ফাইজুর, প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিন, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান, ইলেকট্রিশিয়ান ছাদিম আলী, কেবি নাসির উদ্দিন, আলী হোসেন এবং প্রধান কুক নাসির উদ্দিন।
জাহাজের ১৭ নাবিকের মধ্যে জাহাজের চতুর্থ প্রকৌশলী মো. আবদুল হাকিম, ডেক ক্যাডেট মোখলেসুর রহমান, আবু বকর সিদ্দিক, মো. রুবেল, মো. ওসমান ও সাইফুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।
মার্কেন্টাইল মেরিনের কর্মকর্তা শফিকুল জানান, ২৩ বছরের পুরনো এমভি হোপের মালিক ট্রেড ব্রিজ শিপিং নামের একটি প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী সামা কাদের চৌধুরী, যিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী।
কাত হয়ে সাগরে ডুবতে থাকা এমভি হোপ। ছবি: থাই রয়্যাল নেভি
ফুকেটে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাবিক আবু বকর সিদ্দিক। ছবি: ফুকেট নিউজ
থাই নৌবাহিনীর সিভিল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ক্যাপ্টেন থামাওয়াত মারালিসযুকারিনকে উদ্ধৃত করে ফুকেট গেজেট জানায়, ৯৮ মিটার দীর্ঘ এমভি হোপ বুধবার মধ্যরাতের পর প্রবল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে।
স্থানীয় সময় রাত প্রায় ৪টার দিকে হোপ থেকে পাঠানো একটি এসওএস বার্তা অস্ট্রেলিয়ার রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে পৌঁছায় এবং তারা বিষয়টি ব্যাংকককে জানায়। খবর পেয়ে সকালেই হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে রয়্যাল নেভি।
দ্য ন্যাশনাল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর সদস্যরা আবু বকর সিদ্দিককে (৫০) উদ্ধার করে হেলিকপ্টারে করে ভাশিরা ফুকেট হাসপাতালে নিয়ে যান। এছাড়া এমভি বাক্সমুন নামে একটি জাহাজ সাগর থেকে আরো পাঁচজনকে উদ্ধার করে।
জাহাজের বাকি ১১ নাবিক হোপ থেকে বেরিয়ে লাইফ বোটে নামতে পারলেও বৃহস্পতিবার তাদের খোঁজ পাননি উদ্ধারকারীরা। শুক্রবার সকালে আবার উদ্ধার অভিযান শুরুর কথা রয়েছে।
