প্রাণে বাঁচতে আন্দামানে ঝাঁপ দেন আবু বকর
উত্তাল আন্দামান সাগরে থাই উপকূলে এমভি হোপ কাত হয়ে ডুবতে বসার পর, প্রাণ বাঁচাতে ডেক থেকে সাগরে লাফ দেন ডেক ক্যাডেট আবু বকর সিদ্দিক ও কয়েকজন নাবিক।
লাইফ জ্যাকেটের সাহায্যে কয়েক ঘণ্টা ভেসে থাকার পর বৃহস্পতিবার সকালে থাই রয়্যাল নেভির হেলিকপ্টার আবু বকরকে উদ্ধার করে। শেষ মুহূর্তে একটি লাইফ বোটে উঠতে পারায় প্রাণে বেঁচে যান আরো পাঁচ নাবিক।
তবে শুক্রবার সকাল পর্যন্ত এমভি হোপের বাকি ১১ নাবিকের সন্ধান মেলেনি বলে স্থানীয় গণমাধ্যমের খবর। নৌ বাহিনীর উদ্ধারকর্মীরা এখনো সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
মালয়েশিয়ার লুমুট বন্দর থেকে সিরামিক শিল্পে ব্যবহৃত ৬ হাজার ৫৪৫ মেট্রিক টন বল ক্লে নিয়ে চট্টগ্রাম বন্দরে ফেরার পথে ৯৮ মিটার দীর্ঘ এমভি হোপ বুধবার মধ্যরাতের পর প্রবল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে। ১৭ জন নাবিক ও কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশি জাহাজটি তখন ফুকেট উপকূলের রাকা জাই দ্বীপ থেকে আনুমানিক ৫৪ কিলোমিটার দূরে আন্দামান সাগরে।
ফুকেট গেজেট জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হোপ থেকে পাঠানো একটি এসওএস বার্তা অস্ট্রেলিয়ার রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে পৌঁছালে তারা বিষয়টি ব্যাংকক কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে সকালেই হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে রয়্যাল নেভি।
নৌবাহিনীর সদস্যরা ৫০ বছর বয়সী আবু বকরকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ভাশিরা ফুকেট হাসপাতালে নিয়ে যান। আর উত্তাল সাগরে কোনোক্রমে ভেসে থাকা লাইফ বোট থেকে পাঁচজনকে উদ্ধার করে এমভি বাক্সমুন নামের মালবাহী একটি জাহাজ।
চট্টগ্রামে সমুদ্রগামী জাহাজের নিবন্ধন দানকারী সরকারি সংস্থা মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম বলেন, “জাহাজের ১৭ জন নাবিকের মধ্যে ১১ জন নিখোঁজ রয়েছেন বলে আমাদের জানানো হয়েছে।”
হাসপাতালে চিকিৎসাধীন আবু বকর ফুকটে নিউজকে জানান, মাত্র তিন মাস আগে তিনি হোপে যোগ দেন। এই জাহাজে এমনিতে ৩২ জন নাবিক ও কর্মকর্তা থাকলেও এবারের যাত্রায় তারা ছিলেন মোট ১৭ জন।
ফুকেটে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাবিক আবু বকর সিদ্দিক। ছবি: ফুকেট নিউজ
থাই সাংবাদিকদের তিনি জানান, ঢেউয়ের মধ্যে জাহাজ প্রবলভাবে দুলতে থাকায় ভেতরে রাখা কার্গো এক পাশে গিয়ে জমা হয়। এক দিক অতিরিক্ত ভারি হয়ে যাওয়ায় কাত হয়ে যায় ‘হোপ’।
ফুকেট নিউজের প্রতিবেদনে বলা হয়, জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে আতঙ্কিত হয়ে পড়েন হোপের নাবিকরা। কয়েকজন নাবিক কোনোক্রমে একটি লাইফ বোটে করে সাগরে ভেসে পড়েন। আর জাহাজে থাকলে ডুবে মরতে হবে- এই ভয়ে সাগরে ঝাঁপ দেন আবু বকরসহ আরো কয়েকজন।
কয়েক ঘণ্টা পর থাই রয়্যাল নেভির হেলিকপ্টার আন্দামানে খুঁজে পায় আবু বকরকে।
আর জাহাজের চতুর্থ প্রকৌশলী মো. আবদুল হাকিম, ডেক ক্যাডেট মোখলেসুর রহমান, মো. রুবেল, মো. ওসমান ও সাইফুল ইসলামকে একটি লাইফ বোটে খুঁজে পায় এমভি বাক্সমুন।
জাহাজের মালিকপক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজ ১১ নাবিক হলেন- জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, প্রধান কর্মকর্তা মো. মাহবুব মোর্শেদ, দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেন, ডেক ক্যাডেট ফাইজুর, প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিন, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান, ইলেকট্রিশিয়ান ছাদিম আলী, কেবি নাসির উদ্দিন, আলী হোসেন এবং প্রধান কুক নাসির উদ্দিন।
কাত হয়ে সাগরে ডুবতে থাকা এমভি হোপ। ছবি: থাই রয়্যাল নেভি
ফুকেট নিউজের প্রতিবেদনে বলা হয়, আবু বকর বাঁ হাত ও মাথায় আঘাত পেয়েছেন। মানসিকভাবেও তাকে বিপর্যস্ত মনে হচ্ছিল। তবে সাগরে ফেলে আসা সহকর্মীদের নিয়ে দুশ্চিন্তাও উঠে আসে তার কথায়।
নিজের বুকে হাত রেখে তিনি থাই সাংবাদিকদের বলেন, “আল্লাহর কাছে শোকর যে বেঁচে গেছি। দেশে আমার মেয়েটার কথা খুব মনে হচ্ছে।”
এমভি হোপের দুর্ঘটনায় পড়ার খবর পেয়ে বৃহস্পতিবারই সিঙ্গাপুর থেকে ফুকেটে ফোন করেন আবু বকরের ছেলে। হাসপাতালের বিছানায় শুয়ে তাকে নিজের অভিজ্ঞতার কথা শোনান এই বাংলাদেশি নাবিক।
ফুকেট নিউজ জানায়, উদ্ধার পাওয়া বাকি পাঁচ বাংলাদেশি এমভি বাক্সমুনে করেই দেশে ফিরছেন। আর আবু বকরও আবার সহকর্মীদের সঙ্গে যোগ দেয়ার অপেক্ষায়।
২৩ বছরের পুরনো এমভি হোপের মালিক ট্রেড ব্রিজ শিপিং নামের একটি প্রতিষ্ঠান, যার স্বত্ত্বাধীকারী সামা কাদের চৌধুরী। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী।
জাহাজের সনদ অনুযায়ী এর ধারণ ক্ষমতা পাঁচ হাজার ৫৫০ মেট্রিক টন হলেও মালিকপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে যে তথ্য দিয়েছে, তাতে দেখা যায়, প্রায় এক হাজার টন বেশি পণ্য বহন করছিল জাহাজটি। আগামী ৮ জুলাই এমভি হোপের চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।
