২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপ হত্যাচেষ্টা মামলা হত্যা মামলায় রূপান্তর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আরিফ রায়হান দীপ হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জসিম উদ্দিন দেওয়ান বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা  দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান।

শুনানি শেষে মহানগর হাকিম শামসুল আরেফিন আবেদন মঞ্জুর করেন।

ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত ৯ এপ্রিল বুয়েট ক্যাম্পাসে যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র দীপকে কুপিয়ে গুরুতর জখম করেন বুয়েটেরই অপর ছাত্র হেফাজত ইসলাম কর্মী মেজবাহ উদ্দিন।

এ ঘটনায় দীপের বড় ভাই রিয়াজ মোর্শেদ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন ।

১৭ এপ্রিল মেজবাহকে গ্রেপ্তার করার পর তিনি অপরাধের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত ৫ এপ্রিল রাতে শহীদ স্মৃতি হলের মসজিদের ইমাম আব্দুল আলিম হলের বাবুর্চিদের দিয়ে খিচুড়ি রান্না করিয়ে মতিঝিলে হেফাজতে ইমলামের কর্মীদের পাঠান। এর প্রতিবাদ করেন দীপ ও আরো শিক্ষার্থীরা। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত  করেন ওই ইমামকে।

এরই এক পর্যায়ে ৯ এপ্রিল সকালে নজরুল ইসলাম হলের ছাত্র দীপকে হলে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মাথায় ও পিঠে গুরুতর জখম হন দীপ। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় তিন মাস হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার দীপ মারা যায়।

পুরনো খবর:

‘হেফাজতি হামলায়’ আহত বুয়েট ছাত্রের মৃত্যু