নয় দিনে সাক্ষ্য শেষ করলেন সালাউদ্দিন কাদের
নবম দিনে এসে নিজের সাফাই সাক্ষ্য শেষ করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
সাক্ষ্যের শেষাংশের বক্তব্য দেয়ার পরে প্রদর্শনী হিসেবে চারটি বই দাখিল করে মঙ্গলবার সাক্ষ্য শেষ করেন তিনি।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন এই সংসদ সদস্য।
এদিন এক ঘণ্টার মধ্যে বক্তব্য শেষ করার কথা থাকলেও সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুরু করে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সাক্ষ্য দেন সালাউদ্দিন কাদের।
শেষ দিনের সাক্ষ্যে তিনি আবারো দাবি করেন, তিনি রাজনৈতিক ‘জুলুমবাজির’ শিকার। ১৯৭১ সালের ২৯ মার্চ থেকে ‘১৯৭৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন না।
মঙ্গলবার সালাউদ্দিন কাদের সাক্ষ্যে আরো বলেন, “যে নূতন চন্দ্র সিংহকে হত্যা করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেই নতুন চন্দ্র সিংহের নাম ১৯৭০ সালের নির্বাচনের ভোটার তালিকা, ভূমি রেকর্ডে, এমনকি কোনো সমাধি বা স্মৃতিসৌধেও নেই।”
উনসত্তরপাড়ায় যে গণহত্যার ঘটনায় তার জড়িত থাকার কথা অভিযোগপত্রে বলা হয়েছে সে ঘটনায় ১৯৭২ সালে যে মামলা হয়েছিল সেখানে তার নাম ছিল না বলেও দাবি করেন তিনি। মধ্যগহিরা, বণিকপাড়া ও সুলতানপুরের ঘটনাগুলোর ক্ষেত্রে একই কথা বলেন তিনি।
সালাউদ্দিন কাদের আরো বলেন, “গুডস হিলের ঘটনাগুলোতেও আমার উপস্থিতির কথা ‘পোস্ট হক এরগো প্রপ্টর হক’ (post hoc ergo proctor hoc) ভিত্তিতে এসেছে। একজন কনফেকশনারির মালিককে পাকিস্তানি সেনাবাহিনী অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাকে আমার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ হিসেবে আনা হয়েছে।”
“এক সময়কার কিছু সমাজতন্ত্রপ্রেমীর সহায়তা আমার বিরুদ্ধে এ রাজনৈতিক জুলুম চালানো হচ্ছে যারা এখন সেক্যুলারিজমের নামে জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে দুই ভাগে ভাগ করার চেষ্টা চালাচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবেই মুসলিম উম্মাহ’র কিছু নেতারও বিচার করা হয়েছে এবং ওলামাদের ক্ষেপিয়ে তোলা হয়েছে। আমিও এই এজেন্ডার শিকার হয়েই এই ট্রাইব্যুনালে দাঁড়িয়েছি।”
সোমবারের মতো শেষ দিনেও আসামি অন্য সাক্ষীদের বক্তব্য তুলে ধরে বলতে শুরু করলে আবারো আপত্তি জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। তবে তাদের আপত্তিসহই সাক্ষ্য রেকর্ড করা হয়।
সালাউদ্দিন কাদের সাক্ষ্য দেয়া শুরু করলে প্রধান প্রসিকউটর গোলাম আরিফ টিপু ট্রাইব্যুনালকে বলেন, “গতকালের (সোমবার) নির্দেশনা অনুযায়ী সাক্ষ্য না দিয়ে চৌধুরী সাহেব গল্প শোনাচ্ছেন। এতে ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হচ্ছে।”
এসময় সালাউদ্দিন কাদেরের আইনজীবী একেএম ফখরুল ইসলাম বলেন, “উনি অভিযোগের ওপরই সাক্ষ্য দিতে চাচ্ছেন। আপনারা বারবার বাধা দিয়ে কালক্ষেপণ করছেন।”
সালাউদ্দিন কাদের তার বিভিন্ন নির্বাচনের বর্ণনা দিতে গেলে প্রধান প্রসিকউটর আবারো আপত্তি জানিয়ে বলেন, “আমরা তো আপনার এমপি পদ চ্যালেঞ্জ করছি না। তাহলে আপনার নির্বাচনের গল্প শুনে কী লাভ?”
জবাবে সালাউদ্দিন কাদের বলেন, “আমিও আপনার চিফ প্রসিকউটরের পদ চ্যালেঞ্জ করছি না। আমাকে ফাঁসির কাষ্ঠে দাঁড় করিয়েছেন, আর আমি কিছুই বলতে পারব না?”
এসময় প্রসিকউটর জেয়াদ আল মালুম বলেন, “অপরাধ করলে তো কাঠগড়ায় দাঁড়াতে হবেই।”
জবাবে সালাউদ্দিন কাদের বলেন, “কোনো এক সময় যে আপনারা এ কাঠগড়ায় দাঁড়াবেন না, তার কোনো নিশ্চয়তা নাই।”
পরে প্রদর্শনী হিসেবে সালাউদ্দিন কাদের কিছু এফিডেবিট কপি ট্রাইব্যুনালে দাখিল করতে চাইলে তার বিরোধিতা করে প্রসিকিউশন বলে, ওই নথিগুলো দাখিলকৃত প্রর্দশনী তালিকাতে নেই।
এর জবাবে আসামিপক্ষের আইনজীবী একেএম ফখরুল ইসলাম জানান, ওই সময় কপিগুলো তাদের হাতে পৌঁছায়নি।
এসময় আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনাকে বিচারক বলেন, “মামলা শুরুর সময়ই এ তালিকা প্রসিকিউশনকেও দাখিল করতে হবে। পরে তালিকার বাইরে কিছু দাখিল করতে হলে আবেদন করতে হবে, সেটাই আইনে বলা আছে। আপনারা আবেদন করেন।”
এরপরে তালিকাভুক্ত চারটি বই প্রদর্শনী হিসেবে দাখিল করা হয়। আরো একটি বইয়ের নাম তালিকায় না থাকায় তা গ্রহণ করা হয়নি।
এরপর সালাউদ্দিন কাদের চৌধুরীকে জেরা শুরু করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
তিনি প্রশ্ন করেন, “আপনার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী।” এর উত্তরে সালাউদ্দিন কাদের বলেন, “না।”
এরপরে প্রশ্ন করা হয়, “১৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আপনি যে জবানবন্দি দিয়েছেন তা আপনি বুঝে-শুনেই দিয়েছেন?”
এর উত্তরে সালাউদ্দিন কাদের দীর্ঘ উত্তর দিতে শুরু করলে তাকে থামিয়ে ট্রাইব্যুনাল বলে, “আপনি প্রশ্ন অনুযায়ী উত্তর দিন। প্রশ্নটা খুবই পরিষ্কারভাবে করা হয়েছে।”
ট্রাইব্যুনাল চেয়ারম্যান তখন বলেন, “আপনাকে অপমান করা হয়েছে বলে আমাদের মনে হয়নি কারণ আপনার নাম অনেক পত্রপত্রিকায় সাকা চৌধুরী লেখা হয়।”
উত্তরে সালাউদ্দিন কাদের বলেন, “যারা লেখে তারা আমার সমালোচক। এ ব্যাপারে মামলাও করা হয়েছে।”
এরপর জেরার তৃতীয় প্রশ্ন করা হয়, “তার বংশ পরিচয়ের কোনো কোষ্ঠিনামা আছে কি না? উত্তরে তিনি জানান, আছে।
এরপর প্রসিকিউটর জানতে চান, থাকলে তা আদালতে দাখিল করা হয়নি কেন? উত্তরে সালাউদ্দিন জানান, আদালত চায়নি বলে তা দাখিল করা হয়নি।
এরপর জেরা করার প্রস্তুতির জন্য সময় দরকার জানিয়ে রোববার পর্যন্ত সময় চান প্রসিকিউটর জেয়াদ আল মালুম। তবে আদালত বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়ে সেদিন পর্যন্ত আদালত মুলতবি করেন।
