২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে দেশে ছিলেন না, দাবি সাকা চৌধুরীর

মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন না বলে দাবি করেছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

যুদ্ধাপরাধের মামলায় নিজের পক্ষে সাফাই সাক্ষ্যে সোমবার এই দাবি করেন বিএনপির এই নেতা, যাকে একাত্তরে প্রত্যক্ষভাবে নির্যাতন চালাতে দেখার কথা ট্রাইব্যুনালে বলেছেন প্রসিকিউশনের সাক্ষীরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন অষ্টম দিনের মতো সাক্ষ্য দেন তিনি। তাকে সাক্ষ্যগ্রহণ শেষ করতে মঙ্গলবার আরো এক ঘণ্টা সময় দিয়েছে আদালত, যদিও এতে প্রসিকিউশনের আপত্তি ছিল।

সালাউদ্দিন কাদের বলেন, একাত্তরের ২৯ মার্চ বিকালে করাচির উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। অক্টোবর পর্যন্ত পাকিস্তানে থেকে তারপর লন্ডন চলে যান তিনি এবং ১৯৭৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যেই ছিলেন।

তিনি বলেন, ২৯ মার্চ তাকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছে দেন চাচাত ভাই কাইয়ুম রেজা চৌধুরী। সন্ধ্যায় তিনি করাচি বিমানবন্দরে নামলে তাকে নিতে আসেন তার স্কুলজীবনের বন্ধু মুনীব আর্জুমান্দ খান এবং মাহমুদ হারুনের (ডন গ্রুপ অব পাবলিকেশন্সের কর্ণধার)ব্যক্তিগত সহকারী।

করাচিতে তিন সপ্তাহ অবস্থানকালে মাহমুদ হারুনের বাড়িতে ছিলেন বলে জানান সালাউদ্দিন কাদের, যাকে বঙ্গবন্ধুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখেছেন বলে জানান তিনি।

সালাউদ্দিন কাদের বলেন, করাচিতে থাকার সময় সালমান এফ রহমান, নিজাম আহমেদ, কাইয়ুম রেজা চৌধুরী, আরিফ জিওয়ানি, ওসমান সিদ্দিক ও রেজাউর রহমানের সঙ্গে তার চলাফেরা ছিল।

তিনি বলেন, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সফার নিয়ে মে মাসে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। তখন নটরডেম কলেজে পড়াকালীন বন্ধু হাসনাইন খুরশেদের সঙ্গে তার দেখা হয় এবং দুজনই দীর্ঘসময় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কাটাতেন।

ওই সময়ে লাহোরে ছিলেন দাবি করে এর পক্ষে রিয়াজ নূন (ভিকারুননিসা নূনের নাতি), নাঈম আখন্দ (অবসরপ্রাপ্ত প্রকৌশলী), মোহাম্মদ মিয়া সমরুর (পাকিস্তানের সিনেটের সাবেক চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট) এফিডেবিট করা প্রমাণ রয়েছে বলেও জানান সালাউদ্দিন কাদের।

“উল্লেখিত ব্যক্তিরা ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার জন্যও প্রস্তুত ছিলেন, কিন্তু ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন তাদের ভিসা দেয়নি।”

সালাউদ্দিন কাদের বলেন, একাত্তরের অগাস্ট মাসে তিনি মারিতে বেড়াতে যান এবং সেপ্টেম্বরের শেষ দিকে তিনি লাহোরে ফিরে আসেন।

ওই সময় গাড়ি চালিয়ে লাহোর থেকে লন্ডন যাওয়ার জন্য ইসহাক খান খাকওয়ানি ও নাঈম আখন্দের সঙ্গে পরিকল্পনা করছিলেন বলেও দাবি করেন তিনি।

সালাউদ্দিন বলেন, ১৯৭১ সালের ১০ অক্টোবর বাবা ফজলুর কাদের চৌধুরীর সঙ্গে তার শেষ দেখা হয়।

৮ অক্টোবর লাহোর গিয়ে ১০ অক্টোবর ফিরেছিলেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মুসলিম লীগের নেতা ফজলুল কাদের, স্বাধীনতার পর যিনি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় মারা যান।

সালাউদ্দিন বলেন, এরপর লাহোর থেকে গাড়ি চালিয়ে লন্ডন রওনা হন তিনি। ১২ অক্টোবর তিনি পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তান, ইরান, তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, জার্মানি, হল্যান্ড ও ফ্রান্স হয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি দ্বীপরাষ্ট্র যুক্তরাজ্যে পৌঁছেন।

ট্রাইব্যুনালে সাক্ষ্যে চট্টগ্রামের ফ্রিল্যান্স সাংবাদিক নিজামুদ্দীন একাত্তরের জুলাই মাসে তিনিসহ কয়েকজন মুক্তিযোদ্ধার ওপর গুডস হিলে (ফজলুল কাদেরর বাড়ি) সালাউদ্দিন কাদেরের দ্বারা নির্যাতনের বর্ণনা দেন।

মুক্তিযুদ্ধের সময় হত্যাকাণ্ডের শিকার নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ ট্রাইব্যুনালে সাক্ষ্যে বলেন, একাত্তরের ১৩ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সালাউদ্দিন কাদের তার বাবাকে হত্যা করেন।

সালাউদ্দিন কাদের তার সাক্ষ্যের এক পর্যায়ে প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দির বক্তব্য ধরে বক্তব্য দেয়া শুরু করলে আপত্তি জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।

এসময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরও আসামিকে বলেন, “আপনি যা বলছেন, তা কোনো সাক্ষীর জবানবন্দিতে পড়ে না। কোনো সাক্ষী তার জবানবন্দি কী বলেছেন, তা আপনার জবানবন্দির বিষয় না। এর জন্য আর্গুমেন্ট রয়েছে। সেখানে আপনার আইনজীবী এগুলো বলবেন।”

তখন এই সংসদ সদস্য বলেন, “আপনারা আমাকে গাইডেন্স দিন, কীভাবে বলল। কী বলতে পারব, কী বলতে পারব না, সেটা আপনারা আমাকে বলতে পারতেন।”

প্রসিকিউটর সুলতান মাহমুদ তখন বলেন, “এটা তো আপনাকে গাইড করবেন আপনার আইনজীবী।”

এরপর ট্রাইব্যুনাল চেয়ারম্যান আসামিকে বলেন, “আপনি অভিযোগ ধরে ঘটনা সম্পর্কে বলেন যে আপনি ঘটনার সময় উপস্থিত ছিলেন কি না। কিন্তু অন্য কোনো সাক্ষীর বক্তব্য আপনি আপনার সাক্ষ্যে উল্রেখ করতে পারবেন না।”

এরপর সালাউদ্দিন কাদের তার সাক্ষ্য শেষ করার জন্য মঙ্গলবার সকালে এক ঘণ্টা সময় প্রার্থনা করেন। কিন্তু প্রসিকিউটর জেয়াদ আল মালুম এর বিরোধিতা করে সোমবারই এ সাক্ষ্যগ্রহণ শেষ করার আবেদন জানান।

তবে ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদেরকে মঙ্গলবার এক ঘণ্টা সময় বরাদ্দ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। সেই সঙ্গে পরবর্তী সাফাই সাক্ষীকে নিয়ে আসার নির্দেশও দেয়া হয়।

সালাউদ্দিন নিজের পক্ষে সাক্ষী হিসেবে চারজনের নাম ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। তারা হলেন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, উচ্চ আদালতের বিচারপতি শামীম হাসনাইন, সাবেক বিচারপতি মঈনুর রেজা চৌধুরীর ভাই ও এশিয়া প্যাসিফিক ‌ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং নিজাম আহমেদ।