হেফাজত তাণ্ডব: অগ্নিদগ্ধ পুলিশ চিকিৎসা শেষে দেশে
উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের সদস্যদের হামলায় অগ্নিদগ্ধ পুলিশ সদস্য পিয়ারুল ইসলাম।
বিমানবন্দরে কর্মরত আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিমানে দেশে ফিরেন পিয়ারুল।
পিয়ারুল গত ৫ মে হেফাজত ইসলামের অবরোধ শেষে সমাবেশে চলাকালীন পল্টনে সংঘর্ষে ডিসি ট্রাফিক পূর্ব অফিসে হামলা ও অগ্নিকাণ্ডে মারাত্বক অগ্নিদগ্ধ হন। অগ্নিকাণ্ডে পিয়ারুলের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, প্রথমে পিয়ারুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থায় আরো অবনতি ঘটলে গত ১৪ মে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে পিয়ারুলকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়।
পুলিশ কন্সটেবল পিয়ারূল এখন অনেকটা সুস্থ বলে তিনি জানান।
পিয়ারুল ২০০২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশায়।
