অবরোধ তুলে নেয়ার পরপরই দুর্ঘটনা
দুর্ঘটনা এড়াতে গতিরোধক নির্মাণের দাবিতে অবরোধ তুলে নেয়ার কিছুক্ষণের মধ্যেই সিরাজগঞ্জে তেলবাহী লরির চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মহাসড়ক পুলিশের হাটিকুমরুল থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, বুধবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়হাট্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন (২০) ভূঁইয়াগাতি এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে একই মহাসড়কের ঘুড়কা বেলতলা এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হন।
ওই দুর্ঘটনার পরপরই এলাকাবাসী গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার আটকা পড়েন।
প্রতিমন্ত্রী বুধবার সকাল ৯টার মধ্যে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্পিডব্রেকার নির্মাণের কোনো পদক্ষেপ না নিলে এলাকাবাসী আবারো রাস্তা অবরোধ করে।
পরে সাড়ে ১১টার দিকে সড়ক ভবন কর্তৃপক্ষ গতিরোধক নির্মাণের সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
এর কিছুক্ষণের মধ্যে ওই মহাসড়কে লরির নিচে চাপা পড়ে শাহাদত মারা গেলে বিক্ষুব্ধ জনতা আবারো সড়ক অবরোধ করে।
ওসি ফরিদ জানান, পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।
মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লরিটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
