‘দুদক রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়নি’
বিরোধী দল সমালোচনা করে এলেও দুর্নীতি দমন কমিশন গত চার বছরে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি বলে বিদায়ী বক্তব্যে বলে গেলেন গোলাম রহমান।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে রোববার নিজের শেষ কার্যদিবসে গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “আমি মনে করি না আমার নেতৃত্বে দুদক কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে।
“আমি দায়িত্ব নেয়ার পর ওয়ান ইলেভেনের সময় দুদকের দায়েরকৃত ৩০০টি মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের উচ্চমহল থেকে তদ্বির করা হয়েছিলো। কিন্তু দুদক কারো কথা বা সুপারিশে কর্ণপাত করেনি।”
খালেদা জিয়াসহ তার দুই ছেলের বিরুদ্ধে বিভিন্ন মামলার দিকে ইঙ্গিত করে বিএনপি বলে আসছে, দুর্নীতি দমন কমিশন ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
চার বছরের কাজের মূল্যায়নে গোলাম রহমান বলছেন, উচ্চ পর্যায়ে দুর্নীতি হ্রাস পেলেও তৃণমূল পর্যায়ে বিশেষ উন্নতি হয়নি।
তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেয়া, পরিষেবা ব্যবস্থার সংস্কার এবং মাথাপিছু গড় আয় বাড়ানো হলে দুর্নীতি সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করেন তিনি।
দায়িত্ব পালনের একটা বড় সময় গোলাম রহমানকে পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়টি সামলাতে হয়েছে।
এই ‘দুর্নীতির ষড়যন্ত্রে’ মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা যুক্ত রয়েছে বলে ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক অভিযোগ করলেও দুদকের মামলায় তাদের আসামি না করায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
তবে গোলাম রহমান সরকার ও বিরোধী দল উভয়েরই সহযোগিতা পেয়েছেন বলে জানান।
উত্তরসূরির জন্য বিদায়ী দুদক চেয়ারম্যানের পরামর্শ, আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার জন্য আসামিরা যেভাবে পার পেয়ে যাচ্ছে, তা রোধে কার্যকর পদক্ষেপ যেন নেয়া হয়।
অবসর পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, “আমি একটা নতুন চাকরির অফার পেয়েছি।
“আমার দুই নাতনী আছে। একজন ক্লাস ওয়ানে পড়ে, আরেকজন ক্লাস থ্রিতে। তাদের স্কুলে নিয়ে যাওয়া এবং স্কুল থেকে বাসায় নিয়ে আসার দায়িত্ব আমি পেয়েছি। খুব আনন্দের সঙ্গেই আমি এই দায়িত্ব পালন করবো,” হাসতে হাসতে বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম রহমানের জন্ম কুমিল্লায়। ২০০৯ সালের ২৩ জুন দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। এর আগে তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
গোলাম রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং বাণিজ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
