২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারকে দিয়ে রাষ্ট্রপতির শপথ চ্যালেঞ্জ করে রিট

স্পিকারকে দিয়ে নতুন রাষ্ট্রপতির শপথ পড়ানোর সংশোধিত বিধান চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 11:00 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন।

আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, জাতীয় সংসদের স্পিকারকে বিবাদি করা হয়েছে এই রিটে।

এতে বলা হয়, ১৯৭২ সাল থেকেই দেশে রাষ্ট্রপতিদের শপথ পড়িয়ে আসছিলেন প্রধান বিচারপতি। কিন্তু সর্বশেষ রাষ্ট্রপতি আব্দুল হামিদকে শপথ পড়িয়েছেন সংসদের ডেপুটি স্পিকার। সরকার সংবিধান সংশোধন করায় রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর দায়িত্ব এখন স্পিকারের। বিধানে ডেপুটি স্পিকারকে এই সুযোগ দেয়া হয়নি।

“ভারতের সংবিধানেও রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি বা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারকের মাধ্যমে শপথ পড়ানোর বিধান রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন শপথ নিয়েছিলেন নিউ ইয়র্কের চ্যান্সেলর অব স্টেট রবার্ট লিভিংস্টোনের কাছ থেকে। দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের একজন অ্যাসোসিয়েট জজ এবং অন্য সব প্রেসিডেন্ট প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছেন।”

রিট আবেদনে বলা হয়, প্রধান বিচারপতি দায়িত্ব একটি সাংবিধানিক পদ। সংসদ প্রধান বিচারপতির কাজ বা অধিকারকে সীমিত করতে পারে না।

“আইন প্রণয়নের মাধ্যমে বিবাদিরা জনগণের প্রেসিডেন্টের শপথ প্রক্রিয়াকে ধ্বংস করতে পারে না। শপথ পড়ানোর ক্ষেত্রে প্রধান বিচারপতির জায়গায় স্পিকারকে নিয়ে আসার ধারা সংসদ যুক্ত করতে পারে না।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধানে আনা পরিবর্তন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল চেয়েছেন রিটকারী।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে, ‘সংবিধানের ৫৩ (ক) ফরম ১ এর ‘প্রধান বিচারপতি’ শব্দগুলির পরিবর্তে ‘স্পিকার’ শব্দটি প্রতিস্থাপিত হবে।’

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার আবদুল হামিদই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২৪ এপ্রিল ডেপুটি স্পিকার শওকত আলী ভারপ্রাপ্ত স্পিকার হিসাবে তাকে শপথ পড়ান।