শেরপুরে ছাত্রলীগ-ছাত্রদলের সংর্ঘষ
শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের (আইডিবি) পলিটেকনিক শাখার সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে।
এ সময় আহত হন অন্তত তিনজন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে শেরপুর নিউ মার্কেটে আইডিবির পলিটেকনিক শাখার সভা শেষে সভাপতির পদ নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটি হয়।
সোমবার সকাল ১১টায় এর জের ধরেই দুইপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা পলিটেকনিক ইন্সটিটিউটের কয়েকটি কক্ষের জানালা-দরজা ভাংচুর করে।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, সংঘর্ষের সময় তিনজন আহত হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এ বিষয়ে জানার জন্য শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
