২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের ফটকে বোমা বিস্ফোরণ

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের কয়েকশ’ গজের মধ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

আদালত অবমাননার জন্য জামায়াতে ইসলামীর তিন নেতাকে শাস্তি দেয়ার দিন রোববারই এই ঘটনা ঘটেছে।

ওই সাজার প্রতিবাদে সোমবার সারাদেশে হরতাল ডেকেছে দলটি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার হাই কোর্টের পাশে ট্রাইব্যুনালের বাইরের ফটকের পাশের প্রাচীরে একটি হাতবোমা ফাটানো হয়।

পরে তার পাশ থেকে কালো স্কচ টেপে মোড়ানো আরো তিনটি হাতবোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানান জলিল। কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

ট্রাইব্যুনালের সামনে এই বিস্ফোরণের আগে রোববার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতেও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

মন্ত্রীর সন্দেহ, এই বিস্ফোরণের সঙ্গে জামায়াতকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে।