গোলাম আযমের রায় এই সপ্তাহে দেয়ার দাবি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযমের রায় চলতি সপ্তাহের মধ্যেই দেয়ার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।
রোববার শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতারা দাবি পূরণ না হলে আন্দোলনের ঘোষণাও দিয়েছেন।
বিচারিক কার্যক্রম শেষে গত ১৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমের রায় অপেক্ষমাণ তালিকায় রাখে। এখনো রায়ের কোনো তারিখ জানানো হয়নি।
সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী সাইফুদ্দীন সমাবেশে বলেন, “এই ট্রাইব্যুনালের অন্যান্য রায়ের অভিজ্ঞতা হচ্ছে, বিচারিক কার্যক্রম শেষ হওয়ার এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই রায় ঘোষিত হয়েছে। শুধু এই মামলার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?”
বিচারের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন না হলে জাতি ‘হতাশাগ্রস্ত’ হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ওই সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনও বক্তব্য রাখেন।
মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগ আনা হয়েছে জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে।
৬১টি ঘটনায় গত বছরের ১৩ মে তার বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।
বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গোলাম আযম প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
একাত্তরের পর সাত বছর লন্ডনে অবস্থান করে ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলের আমিরের দায়িত্ব পালন করেন তিনি।
