২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম হত্যা: তদন্ত দল সাভারে

সাভারে পুলিশের হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছেন কমিটির সদস্যরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

অভিযোগ রয়েছে, বুধবার রাতে আটক করে শামীমের মুক্তির জন্য টাকা চায় সাভার থানা পুলিশ। এরপর সকালে চার ব্যক্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে তার লাশ ফেলে পালিয়ে যায়।

শনিবার তদন্ত কমিটির প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মিজানুর রহমান ও সদস্যরা সাভার আসেন।

দুপুর ১টার দিকে হেমায়েতপুরের মোল্লা সিএনজি পাম্পে আসেন কমিটি প্রধান মিজানুর রহমান।

এরপর যান মের্সাস আলমগীর ফার্মেসির সামনে, যেখানে শামীকে আটকে রেখে অভিযুক্ত পুলিশ সদস্যরা প্রথমে পাঁচ লাখ ও পরে দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

ওই সময় ফার্মেসিটি বন্ধ ছিল।

পরে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টে গিয়ে হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

ঘটনার রাত আড়াইটার দিকে ওই হোটেলে চার পুলিশ সদস্য খাবার খেয়েছিলেন। তখন হোটেলের ক্যাশিয়ার ফকরুদ্দিন ও হোটেল বয় আব্দুর রহিম ছিলেন।

কিন্তু তদন্ত কমিটির সদস্যরা তাদের দুজনকেও হোটেলে পাননি।

সেখান থেকে তদন্ত দল যায় চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়িতে, যেটি পুলিশের টর্চার সেল হিসেবে পরিচিত। ফাঁড়ির ভিতরে যেখানে রেখে শামীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে সে স্থান ঘুরে দেখেন তারা।

সর্বশেষে নিহত শামীমের বাড়ি গিয়ে পরিবারের লোকদের শান্তনা দেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

এ সময় মিজানুর রহমান বলেন, নিহত শামীমের সঙ্গে গ্রেপ্তার সাইফুল ইসলামকে শুক্রবার আদালতে হাজিরা করে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তার জবানবন্দির উপর ভিত্তি করে তদন্ত প্রক্রিয়া চালানো হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন এ কমিটির আরেক সদস্য সাভার সার্কেলের এএসপি রাসেল শেখ। এছাড়া পুলিশ সুপারের নিদের্শে করা তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, জেলা গোয়েন্দা কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও সাভার মডেল থানার এএসপি মশিউদ্দৌলা রেজা।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীম হত্যা মামলার গ্রেপ্তার চার পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে (রিমান্ড) শুক্রবার সাভার থানায় আনা হয়েছে।

প্রথম দিন জিজ্ঞাসাবাদে শামীকে নির্যাতনের গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে সে তথ্য প্রকাশ করতে রাজি হয়নি তিনি।

তিনি আরো বলেন, শুক্রবার রাতে রাজধানীর গবতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার সাভার থানার পলাতক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকিদুল ইসলামকে গ্রেপ্তারের পর শনিবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি সরজমিন সাভার থানায় গিয়ে দেখেন, আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এবং সাভার থানার তিন কনস্টেবল মোদাচ্ছেদ, রমজান ও ইউসুফকে থানা হাজতে রাখা হয়েছে।

খাবার দেয়া হচ্ছে থানার ব্যারাক থেকে। তবে তাদের সামনে কোনো গণমাধ্যমকর্মীদের যেতে দিচ্ছে না পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বলেছেন, তাদের প্রাপ্য অনুযায়ী সুবিধা দেয়া হচ্ছে।

এদিকে শামীম হত্যার পর পুলিশের ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ১১ পুলিশ সদস্যকে শুক্রবার প্রত্যাহার করে নেয়া হয়। এরপর থেকে ওই ফাঁড়িতে তালা ঝুলছে।

এ ব্যাপারে সাভার সার্কেলের এএসপি মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপাতত কোনো পুলিশ এ ফাঁড়িতে দেয়া হচ্ছে না। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে এখানে পুলিশের নতুন টিম দেয়া হবে।