মুন্সীগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
মুন্সীগঞ্জ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অর্ধশত আহত হয়েছে।
শুক্রবার গাজীপুরে রাজেন্দ্রপুর এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, জেলার রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত নয়জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- বাসের কন্ডাক্টর ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে লিটন (২৬), চালকের সহকারী জেলা সদরের শিকারীকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাজু (২৫) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতকুঁড়া গ্রামের প্রয়াত আলী হোসেনের ছেলে রুহুল আমিন রোকন (২৭)।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, সকাল ৯টায় ভালুকা থেকে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অন্তত ১২ জন আহত হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে বাসের কন্ডাক্টর লিটন ও রোকন এবং পরে বাসের হেলপার রাজু মারা যান।
