সিরাজদিখানে বাস-টমটম সংঘর্ষে নিহত ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস ও টমটমের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৪০ জন।
শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চালতিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষের পর যান দুটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে তিন পুরুষ নিহত হন। এদের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে।
খাদে অর্ধনিমজ্জিত বাস থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বাস ও টমটমের ভিতর আরো লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার কাজ করতে দমকল বাহিনী ও র্যাকার আনা হবে বলেও তিনি জানান।
জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়া হচ্ছে।
