২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমের জানাজায় কামরুল, ফাঁড়ি পুলিশ প্রত্যাহার

আশুলিয়া ‘থানা পুলিশের হেফাজতে নির্যাতনে’ নিহত ব্যবসায়ী শামীম সরকারের জানাজায় অংশ নিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 07:58 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার সকাল সাড়ে ৯টায় হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে জানাজা হয়।

ব্যবসায়ী শামীমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার করে দোষীদের কঠিন শাস্তি দেয়া হবে বলে জানান আইন প্রতিমন্ত্রী।

জানাজার পর বেলা পৌনে ১১টার দিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

এর পর পরই সাভারের হরিনধরা শিল্প পুলিশ ফাঁড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে- এমন গুজব রটে যাওয়ায় ফাঁড়ির পুলিশদের প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন দেয়ার গুজবের পর হরিণধরা চামড়া শিল্প পুলিশ ফাঁড়ির ১১ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, “ফাঁড়িতে নতুন করে পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।”

শামীম হত্যা মামলার আসামি গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে ঢাকার বিচারিক হাকিমের আদালতে হাজির করা হচ্ছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের এএসপি রাসেল শেখ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে নিহতের বড়ভাই আমিন সরকার পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন বলে জানিয়েছেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান।

পাঁচ পুলিশ সদস্য হলেন- সাভার থানার এএসআই আকিদুল ইসলাম, আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এবং একই থানার তিন কনস্টেবল মোদাচ্ছেদ, রমজান ও ইউসুফ।

এদের মধ্যে আকিদুল ইসলাম পলাতক রয়েছে বলে জানান পরিদর্শক আমিনুর।

হত্যার ঘটনায় বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ওই পাঁচ জনসহ আশুলিয়া থানার এসআই সাজ্জাদ রুমনকে গ্রেপ্তার করার কথা জানালেও মামলায় তার নাম উল্লেখ করা হয়নি।

অভিযুক্তদের সাময়িকভাবে বরখাস্ত করে হয়েছে বলেও জানিয়েছিলেন পুলিশ সুপার। 

এবিষয়ে আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে এজাহারে তার (সাজ্জাদ) নাম অন্তর্ভুক্ত করা হবে।”

শামীম হত্যার ঘটনা তদন্তে বৃহস্পতিবার রাতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএসপি ফারুক হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- পুলিশের সাভার অঞ্চলের সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ও জেলা গোয়েন্দা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে অপর কমিটি সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ) আসাদুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (সাভার অঞ্চল) রাসেল শেখ।

সাত কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চার ব্যক্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক ব্যক্তির লাশ ফেলে পালিয়ে যায়। পরে তাকে শামীম সরকার (৩২) বলে চিহ্নিত করেন তার স্বজনরা।

পরিবারের দাবি, আগের দিন রাতে আটক করে তার মুক্তির জন্য টাকা চায় সাভার থানা পুলিশ।