২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট পুঁজিবাজারের জন্য ‘ইতিবাচক’

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারের জন্য ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বাজারের স্থিতিশীলতা ফেরাতে বাজেটে প্রস্তাবিত প্রণোদনাগুলো ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

চলমান ‘মন্দা’ কাটিয়ে পুঁজিবাজারকে চাঙ্গা করতে বিনিয়োগকারীদের জন্য একগুচ্ছ প্রণোদনা প্রস্তাব করা হয়েছে আগামী বাজেটে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Image
DSE calls stake details of directors

DSE calls stake details of directors

এতে বিনিয়োগে কর রেয়াত বাড়ানো ও শেয়ার প্রিমিয়ামের ওপর কর প্রত্যাহার করাসহ একগুচ্ছ প্রণোদনার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বাজেট প্রস্তাবের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান বলেন, “প্রস্তাবিত বাজেটে নানা ধরণের সুযোগ-সুবিধা দেয়ার মাধ্যমে পুঁজিবাজারের প্রতি সরকারের ও অর্থমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে।

“আমরা মনে করি, বাজেটের প্রস্তাবনা বাজারকে স্থিতিশীল করতে সহায়তা করবে।”

একইভাবে সন্তুষ্টি প্রকাশ করলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আল মারুফ খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রস্তাবিত বাজেট ইতিবাচক। ক্ষুদ্র ও ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে ইতিবাচক।”

সব সুপারিশ মানা না হলেও বাজেটকে মোটাদাগে পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজও।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেট পুঁজিবাজারের জন্য ইতিবাচক হয়েছে। তবে বাজেটে আমরা পাঁচ হাজার কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছিলাম।এটি আবারো বিবেচনা করার আহ্বান জানালাম।”

প্রস্তাবিত বাজেটে আগের মতোই ব্যক্তিশ্রেণির করদাতার শেয়ার লেনদেন থেকে অর্জিত আয়কে করমুক্ত রাখার বিদ্যমান সুবিধা অব্যাহত রাখা হয়েছে।

নতুনভাবে দেওয়া প্রণোদনার মধ্যে রয়েছে- আয়ের ৩০ শতাংশ বিনিয়োগ করলে এখন থেকে আয় বা করপোরেট করের ওপর ১৫ শতাংশ কর রেয়াত পাওয়া যাবে। 

ব্যক্তিশ্রেণির বিনিয়োগের ওপর কর রেয়াত ২০ শতাংশ খেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। আর ব্যক্তিশ্রেণির সর্বোচ্চ বিনিয়োগ সীমা এক কোটি থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে।

শেয়ারের অভিহিত মূল্যের প্রিমিয়ামের ওপর বিদ্যমান ৩ শতাংশ কর এবং বন্ড বিক্রির সময় উৎসে আয়কর বিলোপ করা হয়েছে।

আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ওপর ১৫ শতাংশ কর রেয়াত দেয়া এবং করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।