২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারীর ক্ষমতায়নই মূল লক্ষ্য’

মাত্র সাত মাসের জন্য দায়িত্ব পেলেও নারীর ক্ষমতায়নের কাজকে আরো গতিশীল করার প্রত্যয় জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 11:06 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

রোববার বিকালে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সোমবার সকাল ৯টায় সচিবালয়ে নিজের দপ্তরে আসেন চুমকি। সকাল ১০টার মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন তিনি।

গাজীপুর-৫ আসনের এই সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ছিলাম। সেখান থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি, এটা সৌভাগ্যের।”

এই মন্ত্রণালয়ের অনেক বিষয়েই আগে থেকে অবগত আছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে এই মন্ত্রণালয়ের তদারকি করেন। আর শিরিন শারমিন চৌধুরীও ছিলেন ডায়নামিক।

“তারা নারীর ক্ষমতায়নকে একটি পর্যায়ে নিয়ে গেছেন। সেটাকে আরো গতিশীল করাই আমার টার্গেট।”

এজন্য আলোচনার ভিত্তিতে নারী উন্নয়ন নীতি এবং শিশু নীতি বাস্তবায়নের দিকে জোর দেবেন বলে জানান সরকারের শেষ সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়া মেহের আফরোজ চুমকি।

সম্প্রতি শিরিন শারমিন চৌধুরী স্পিকারের দায়িত্ব নেয়ায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর পদ শূন্য হয়।

সকালে মন্ত্রণালয়ে আসার পরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান কর্মকর্তা-কর্মচারীরা। সবার সঙ্গে পরিচিত হন তিনি।

মঙ্গলবার মন্ত্রণালয় এবং এর অধীনের সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান প্রতিমন্ত্রী।

আগামী ১৭-১৯ জুন ঢাকায় কমনওয়েলথ সম্মেলন হবে জানিয়ে চুমকি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশ এবার আয়োজক দেশ হিসাবে এই সম্মেলনে অংশ নিচ্ছে।

নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দীন আহমদের মেয়ে চুমকি বলেন, তাকে প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়ার জন্য মন্ত্রিসভার বৈঠকে বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

“পরে প্রধানমন্ত্রী আমার পরিচিতি তুলে ধরে আমার বাবার বিভিন্ন কর্মকাণ্ডও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদ পরিবারের সন্তানকে ক্যাবিনেটে নিয়ে এসেছি।”

মন্ত্রিসভার ৫১তম সদস্য হিসাবে দায়িত্ব পাওয়া সাংসদ চুমকি ১৯৯৬-২০০১ মেয়াদে সপ্তম সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে সদস্য হয়েছিলেন।