২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনির্বাচিতরা হলো- এলাম, আর গেলাম’

নগর প্রশাসনে অনির্বাচিতদের দায়িত্ব পালনে নিজের অমত জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর ফলে জবাবদিহি থাকে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 06:25 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব পালন নিয়ে বৃহস্পতিবার এক কর্মশালায় তিনি একথা বলেন।

বুধবার ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব পালনে অতিরিক্ত দু্ই সচিবকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এক বছর ধরে এই দুই সিটি কর্পোরেশনে অনির্বাচিত প্রশাসকরা দায়িত্বে রয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, “অতিরিক্ত সচিবকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রশাসক নিয়োগ হয়েছে। এটা তাদের জন্য অতিরিক্ত ঝামেলা। নগরবাসীর জন্য অতিরিক্ত ভোগান্তি।”

“নির্বাচিত ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। নির্বাচিত হলে জবাবদিহি থাকে। অনির্বাচিত হলো- এলাম আর গেলাম। এভাবে দায়িত্ব পালন সম্ভব নয়।”

আগারগাঁওয়ে এলজিইডি ভবনে যে কর্মশালায় বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন, তার আয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে ছিলো এশিয়ান উন্নয়ন ব্যাংক-এডিবিসহ কয়েকটি সংস্থা।

দেশের একটি কুচক্রী মহল ভুয়া তথ্য দিয়ে বিদেশি সংস্থাগুলোকে বিভ্রান্ত করছে বলেও দাবি করেন যোগাযোগমন্ত্রী। এ ধরনের ‘মতলবী’দের কাছ থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, “কিছু অর্থলোভী কুচক্রী অপপ্রচার চালাচ্ছে। হাজার হাজার বেনামি চিঠি দিচ্ছে। সবাই জানি এসব কে করছে।”

তবে কারা করছে, তাদের নাম প্রকাশ করেননি ওবায়দুল কাদের।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “একই ফ্যাক্স নম্বর থেকে বিভিন্ন বিদেশি সংস্থার কাছে চিঠি যায়। আমি নিজেও এসব চিঠি দেখেছি।

“দুর্নীতির বিষয় ঢেকে রাখা যায় না। যেমন হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না।

মন্ত্রী বলেন, “এখন নির্বচনের বছর। এ সময় অনেক ঝুঁকি আছে, অনেক কাজে বাধা আসবে। ক্ষমতার শেষ বছরে অনেক কাজ ঝুলে যায়।”

সড়ক খাতের বেশকিছু প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, “কিছু কাজ ‘নেক্সট ইলেকশন’ না ভেবে ‘নেক্সট জেনারেশন’ হিসেবে ভাবতে হবে।”

ঢাকা পথচারীদের অধিকার নিয়ে এই কর্মশালায় সড়কে সবার আচরণ নিয়েই উষ্মা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী।

“চালক ও পথচারী উভয়ই বেপরোয়া। চালক ফুটপাতে আল্লাহর নাম ও মায়ের দোয়া নিয়ে গাড়ি উঠিয়ে দেয়। আর পথচারী মোবাইল ফোনে কথা বলে রাস্তা পার হয়।”

“কিছু রাজনীতিবিদও বেপরোয়া। বেফাঁস কথা বলে ফেলেন”, এই প্রসঙ্গে রাজনীতিও টেনে আনেন কাদের।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শাহ কামাল, ডব্লিইউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।