২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত স্কুলছাত্রী ভারত থেকে উদ্ধার

ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রী ভারতে পাচারের এক সপ্তাহ পর উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহায়তায় মেয়েটিকে দেশে ফিরিয়ে আনা হয়।

গত ২১ মে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হয় রাজধানীর শেরেবাংলা কিন্ডারগার্টেন আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির এই ছাত্রী।

তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেকারকোণা গ্রামে। তারা ঢাকার বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকে।

মেয়েটির বাবার অভিযোগ, গত  ২১ মে সকালে পাশের ভাড়াটিয়া মনোয়ারা বেগম ওরফে লিপি তার মেয়েকে বাসায় ডেকে নেয়। পরিবারের অজান্তে মনোয়ারা তার মেয়েকে ফরিদপুরে গ্রামের বাড়িতে বেড়ানোর কথা বলে গোপনে বেনাপোল সীমান্তে নিয়ে গিয়ে অজ্ঞাত পরিচয় লোকদের কাছে তুলে দেয়।

তিনি আরো অভিযোগ করেন, পাচারকারীরা তার মেয়েকে শিলিগুড়িতে নিয়ে আপত্তিকর কাজের জন্য চাপ দেয় এবং নির্যাতন করতে থাকে। গত সোমবার কৌশলে তাদের কাছ থেকে পালায়।

এরপর তার মেয়ের সঙ্গে এক কাস্টমস কর্মকর্তার দেখা হয়। ওই ব্যক্তিকে ঘটনাটি জানায় সে। পরে ওই কাস্টমস কর্মকর্তা তার মেয়েকে নিজের কাছে রেখে তার সঙ্গে যোগাযোগ করেন, বলেন মেয়েটির বাবা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি বাড্ডা থানায় জানালে পুলিশ ওই কাস্টমস কর্মকর্তা এবং আমার মেয়ের সঙ্গে কথা বলে। পরে পুলিশ আমার মেয়েকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।”

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) খাজা মুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই স্কুলছাত্রীকে টাকার বিনিময়ে তার প্রতিবেশী ভারতে পাচার করে। বিষয়টি জানার পর আমরা ভারতের ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরিয়ে এনে বাবার কাছে হস্তান্তর করি।”

বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন বলেন, অপহৃত মেয়ের বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি ফিরলেই অভিযুক্ত প্রতিবেশী মনোয়ারা বেগমের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে স্কুলছাত্রীর বাবা একটি সাধারণ ডায়েরি করেন বলেও তিনি জানান।