২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে নির্বাচনী বিতর্ক হচ্ছে চার সিটিতে

শুরুতে সংশয় থাকলেও শেষ পর্যন্ত চার সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের নির্বাচনী বিতর্কের মাধ্যমে ভোটারদের সামনে আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক মঙ্গলবার এ বিষয়ে বিবিসি বাংলা বিভাগ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।

আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থক প্রার্থীসহ মোট ১২ জন এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সময় স্বল্পতা ও অর্থ সঙ্কটের কারণ দেখিয়ে এর আগে নির্বাচনী সংলাপ নিয়ে সংশয় প্রকাশ করেছিল কমিশন।

মঙ্গলবারের বৈঠকের পর ইসি সচিব সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“চার সিটিতে আগেও সংলাপ হয়েছিল। ধারাবাহিকতা রক্ষায় এবারও মেয়রপ্রার্থীদের ভোটারের মুখোমুখি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।”

তিনি জানান, একেবারের শেষ সময়ে হলেও সব ধরনের কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে ৩ বা ৪ জুন সংলাপ শুরু হবে। ১২ জুনের মধ্যে তা সম্পন্ন করা হবে।

এ বিতর্ক অনুষ্ঠানের প্রযোজক বিবিসি বাংলা বিভাগের ওয়ালিউর রহমান মিরাজ জানান, কমিশনের সার্বিক তত্ত্বাবধানে বিবিসির সহযোগিতায় (এডিটোরিয়াল সাপোর্ট) এ সংলাপ হবে।

“পাঁচ বছর আগেও রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজন হয়েছিল। এবারও বিতর্ক অনুষ্ঠানের প্রাক প্রস্তুতি হিসাবে নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা ও জরিপ করা হবে।”

অবশ্য শেষ মুহূর্তে এসে বিতর্কের এই সিদ্ধান্ত হওয়ায় পুরো প্রস্তুতি সারতে ‘তাড়াহুড়ো করতে হচ্ছে’ বলে জানান প্রযোজক।

মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবার চার সিটি করপোরেশনে প্রার্থী বেশি থাকায় সাত দিনে করতে হয়েছিল। এবার চার দিনে করলেও চলবে।”

আগামী কয়েক দিনের মধ্যে বিতর্কের সময়সূচি ও সঞ্চালক চূড়ান্ত করা হবে। বিটিভি ও বেতারের মাধ্যমে রাত ৮টার সংবাদের পর এক ঘণ্টার এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, দুই দিন অন্তর অন্তর বিতর্ক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সিলেট সিটি করপোরেশন দিয়ে শুরু করে রাজশাহী, খুলনা ও বরিশালে শেষ হবে এ বিতর্ক।

ইসি কর্মকর্তারা বলছেন, সিটি কর্পোরেশন ও প্রার্থীদের সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কথাগুলোই এ বিতর্কে উঠে আসবে। এর মাধ্যমে মেয়র ও স্থানীয় জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বিগত কমিশন ২০০৮ সালের ৪ অগাস্ট বিবিসির বাংলা বিভাগের মাধ্যমে এবং ২০১০ সালের জুনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে সংলাপের আয়োজন করে। তবে কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশনে সংলাপ হয়নি।