চেয়ারম্যান জাহিদ হত্যা: ২ আসামিকে আ’লীগ থেকে অব্যাহতি
ফকিরহাট উপজেলা সদরের চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যা মামলার দুই আসামিকে আওয়ামী লীগ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদ হত্যা মামলায় আসামি করায় জেলা আওয়ামী লীগের সদস্য ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার রাতে শহরের রেল রোডের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে দলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
গত ১৮ মে খান জাহিদ হাসান ও তার মোটরসাইকেল চালক মুন্নাকে খুলনার রূপসায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
১৯ মে নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে খুলনার রূপসা থানায় ফকিরহাট উপজেলা যুবলীগের সভাপতি হারুণ অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমানসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহারভূক্ত আসামি আজাদ শেখ (২৫) এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিয়ামত ও মিজানুর পলাতক আছেন।
মামলাটি খুলনা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
