আইনি প্রক্রিয়ায়ই ফেরত আনা হবে তারেককে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, রহমানকে আইনি প্রক্রিয়ার মধ্যেই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে।
মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার বড় ছেলেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে আদালতের পরোয়ানা জারির পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
লন্ডনে অবস্থানরত তারেক নিজেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে পারেন, বলেন প্রতিমন্ত্রী।
“তা যদি না হয় তাকে ইন্টারপোলের মাধ্যমে অথবা আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যেতে পারে।”
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার তারেক ২০০৮ সালে জামিনে মুক্তির পর লন্ডন যান। তিনি স্ত্রী-সন্তান নিয়ে এখনো সেখানেই রয়েছেন।
নিয়ম মাফিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ঢাকার আদালতে হাজির না হওয়ায় তাকে পলাতক দেখিয়েই ২০১১ সালের ৮ অগাস্ট মুদ্রা পাচারে মামলায় অভিযোগ গঠন হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনুমোদন ব্যতিরেকেই বিদেশে চিকিৎসার নামে পলাতক অবস্থায় রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান।
তারেক সম্প্রতি লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন।
টুকু বলেন, “তিনি অসুস্থতার কথা বললেও আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখছি তিনি বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছেন এবং দেশে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য তার কর্মীদের এবং শরিক দল জামায়াত-শিবিরের কর্মীদের হুকুম জারি করেছেন।”
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের রোববারের হরতালের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “ওরা নাশকতা পছন্দ করে, সে কারণে অনৈতিক-অযৌক্তিক হরতাল ডেকেছে। জনগণ তা প্রত্যাখ্যান করেছে।”
সংলাপের আলোচনার মধ্যে এই হরতাল আহ্বান ওই প্রক্রিয়া নস্যাৎ করবে বলে মনে করেন তিনি।
