তারেককে ফেরাতে পরোয়ানা
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে পরোয়ানা জারি করেছে ঢাকার আদালত।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল রোববার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এ আবেদন করেন।
শুনানি শেষে এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক পরোয়ানা জারির আদেশ দেন।
দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের এই পরোয়ানা জারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। এর প্রতিবাদে বগুড়া ও সিরাজগঞ্জে হরতাল ডেকেছেন স্থানীয় বিএনপির নেতারা।
লন্ডনে সম্প্রতি বিএনপির এক সভায় তারেকের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সরকারি দলের বিভিন্ন নেতা সমালোচনা করে আসছিলেন। তারপর এই পরোয়ানা জারিকে সন্দেহের দৃষ্টিতে দেখছে বিএনপি।
তবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান এক্ষেত্রে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ নাকচ করেছেন।
জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার তারেক উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান। তিনি এখনো শারীরিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন বলে বিএনপির দাবি।
তারেক ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচারের এই মামলাটি দায়ের হয়েছিলো ২০০৯ সালে।
নিয়ম মাফিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আদালতে হাজির না হওয়ায় তারেককে পলাতক দেখিয়েই ২০১১ সালের ৮ অগাস্ট এ মামলায় অভিযোগ গঠন হয়।
রোববার আদালতে পরোয়ানা জারির আবেদনে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন বলে গণমাধ্যমের খবর এসেছে।
“তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিলো। আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিলো। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গেছেন।”
এই বলে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে তাতে সাড়া দেয় আদালত।
আদেশের পর মোশাররফ কাজল সাংবাদিকদের বলেন, “ইংরেজিতে জারি করা এই পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে।”
তবে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইন্টারপোলের মাধ্যমে কাউকে গ্রেপ্তারের জন্য এভাবে পারোয়ানা জারির সুযোগ নেই।
তারেকের আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া রাতে বিএনপির এক সংবাদ সম্মেলনে বলেন, “বিশেষ জজ আদালতের আদেশে কোথাও ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কথা লেখা নেই।
“তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অথচ সরকারের উকিল সাংবাদিকদের বলেছেন, ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার আদেশ হয়েছে।”
গত পাঁচ বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক বিএনপির এক সভায় অংশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেন।
এরপর দেশে তার ওই বক্তব্যের সমালোচনায় মুখর হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, “তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানা বাস্তবায়ন করতে যা যা দরকার, আদালত সবই করবে।”
২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও মামুনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। পরের বছর ৬ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তারেকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে মামুন অবৈধভাবে অর্থ নেন।
“মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান।”
ওই অর্থের মধ্যে সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএর একটি শাখায় ওই মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
রোববার এই মামলার দশম সাক্ষী সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখার কর্মকর্তা বিভূতিভূষণ সরকারকে জেরা করেন মামুনের আইনজীবীরা।
বিচারক মামলার শুনানির জন্য ২৯ মে পরবর্তী দিন রেখেছেন।
