তারেককে ফেরাতে পরোয়ানা আইনি প্রক্রিয়ায়: দুদক
তারেক রহমানকে বিদেশ থেকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির প্রক্রিয়ায় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নাকচ করেছে দুর্নীতি দমন কমিশন।
পরোয়ানা জারির পর রোববার কমিশন চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, আইনি প্রক্রিয়ায়ই এই পরোয়ানা জারি হয়েছে।
মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে দুপুরে আদেশ দেয় ঢাকার আদালত।
দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কমিশনের উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ বলেছে বিএনপি।
দুদক ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত পরোয়ানা জারির আদেশ দেয়।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, "পুঁজিবাজার, হল-মার্ক, পদ্মা সেতুসহ ব্যাংকিং খাত থেকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ বাদ দিয়ে এক-এগারোর দলবিদ্বেষী সরকারের কথিত মিথ্যা অভিযোগ ব্যাপারে দুদকের এই সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে -এটা গত দুই দিন আগের আইন প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিফলন।"
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শনিবার বলেছিলেন, লন্ডনে অবস্থানরত তারেককে ফেরত আনতে ইন্টারপোলসহ সব সংস্থার সহায়তা নেয়া হবে।
দুদকের এই উদ্যোগে প্রতিমন্ত্রীর বক্তব্যের কোনো ভূমিকা রয়েছে কি না- জানতে চাইলে গোলাম রহমান তা নাকচ করে বলেন, “তিনি কী বলেছেন, তা আমরা জানি না।”
দুর্নীতি দমন কমিশন কারো প্রতি পক্ষপাত না রেখে আইনি প্রক্রিয়া মেনে এ ক্ষেত্রে কাজ করেছে বলে জানান তিনি।
২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক। পরের বছর ৬ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
নিয়ম মাফিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ঢাকার আদালতে হাজির না হওয়ায় তাকে পলাতক দেখিয়েই ২০১১ সালের ৮ অগাস্ট এ মামলায় অভিযোগ গঠন করেন বিচারক।
অভিযোগপত্রে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে তারেকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান। ওই অর্থের মধ্যে সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএর একটি শাখায় ওই মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয়।
