২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পরোয়ানার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য'

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ বলেছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 09:59 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল রোববার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক পরোয়ানা জারির আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের এই আবেদনের প্রতিক্রিয়ায় রোববার দুপুরে এক তাৎক্ষনিক ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, "পূঁজিবাজার, হলমার্ক,পদ্মাসেতুসহ ব্যাংকিং খাত থেকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ বাদ দিয়ে এক-এগারোর দলবিদ্বেষী সরকারের কথিত মিথ্যা অভিযোগ ব্যাপারে দুদকের এই সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে -এটা গত দুই দিন আগের আইনপ্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের  প্রতিফলন।"

"দুদকের অতীত ও বর্তমান কার্যক্রম বিশ্লেষন করলে মনে হয়, এটিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ছাড়া ভালো কিছু বলা যাবে না," যোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নতি মামলায় গ্রেপ্তার করা হলেও সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ‘চিকিৎসার জন্য’ লন্ডনে যান তিনি।

নিয়ম মাফিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ঢাকার আদালতে হাজির না হওয়ায় তাকে পলাতক দেখিয়েই ২০১১ সালের ৮ অগাস্ট এ মামলায় অভিযোগ গঠন করেন বিচারক।

লন্ডনে অবস্থানরত তারেক সম্প্রতি বিএনপির এক দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেন। গত ২০ মে পূর্ব লন্ডনের ওই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ওপর চাপ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর দেশে তার ওই বক্তব্যের সমালোচনায় মুখর হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, “তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানা বাস্তবায়ন করতে যা যা দরকার, আদালত সবই করবে।”

এই বিষয়টি তুলে ধরে শামসুজ্জামান দুদু বলেন, "তারেক রহমান উচ্চ আদালতের জামিন নিয়ে আইনের আওতায় লন্ডন চিকিৎসা নিতে অবস্থান করছেন। আইন মোতাবেক সব কিছু চলছে।"

"সরকার বিষয়টি সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখছে বলে মনে হচ্ছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এ বিষয়টি রাজনীতিকরণ করা হলে আমরা তা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। হয় আইনে চললে, আইনি পথে আমরা বিষয়টি দেখব।

তিনি অভিযোগ করে বলেন, "দেশের এখন বড় সমস্যা আগামী নির্বাচন কিভাবে করা যাবে। এ বিষয়ে সরকার তরফ থেকে মাঝেমধ্যে সংলাপের কথাও বলা হচ্ছে। এই মূল সমস্যাকে আড়াল করতে সরকার তারেক রহমানের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের বিষয়টি সামনে নিয়ে এসেছে।"

দুদু বলেন, "এক এগারোর সময়ে তৎকালীন সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত নেতা আবদুল জলিল, আবদুর রাজ্জাক, মোহাম্মদ নাসিমসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু তারেক রহমানসহ  বিএনপির নেতাদের বিরুদ্ধে আনীত কোনো মামলা প্রত্যাহার করেনি। উল্টো আরও নতুন নতুন মামলা দেয়া হয়েছে।"

২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক। পরের বছর ৬ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে তারেকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান। ওই অর্থের মধ্যে সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএর একটি শাখায় ওই মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয়।

পুরনো খবর:

তারেককে ফেরাতে পরোয়ানা