সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পলিটেকনিক ছাত্র নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পলিটেকনিক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম রাজশাহী পলিটেকনিকের ছাত্র এবং নওগাঁ জেলার মান্দা উপজেলার শরিফুল ইসলামের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন জানান, মাহমুদুল মোটরসাইকেলে করে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। সয়দাবাদে একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই মাহমুদুল মারা যান।
লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই।
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহমেদ জানান, রাতে হাটিকুমরুলে দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় অজ্ঞাত (৩২) এক পথচারী মারা গেছেন।
মাইক্রোবাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
