ঝুঁকিপূর্ণ ভবন মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এছাড়া নতুন ভবন তৈরির অনুমতি নেয়ার সময় তা কোন উদ্দেশ্যে ব্যবহার করা হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করার সুপারিশও করা হয়েছে।
সাভারে ভবন ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (চউক) ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।”
যেসব আবাসন নির্মাতা প্রতিষ্ঠান অনুমোদিত উচ্চতার বাইরে ভবন নির্মাণ করে সেসব কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৈঠকে উত্তরা ১ নম্বর সেক্টরের খেলার মাঠ উত্তরা ক্লাব, স্কলাস্টিকা স্কুল, উত্তরা মেডিকেল কলেজকে অবৈধভাবে বরাদ্দ দেয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। ওই কর্মকর্তাদের কমিটির আগামী বৈঠকে হাজির থাকতেও বলা হয়েছে।
কমিটির সদস্য নুর-ই-আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলার মাঠ অন্য কোনো কাজে বরাদ্দ দেয়া আইন বহির্ভূত। খেলার মাঠ বরাদ্দ দেয়ার সাথে জড়িত এবং ওইসব প্রতিষ্ঠানের ভবনের নকশা অনুমোদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।”
বৈঠকে রাজধানীর কড়াইল বস্তিতে দুই মাসের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, মো. আব্দুছ ছাত্তার, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভুঞা মোহন, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী এবং সাফিয়া খাতুন অংশ নেন।
