২৩টি হিসাবে লেনদেন করতেন সোহেল রানা
সাভারের ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার ২৩টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
তবে এই হিসাবগুলোতে কত টাকা রয়েছে, তার অনুসন্ধান এখনো চলছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
রানা প্লাজা ধসের পর এর মালিক সোহেল রানার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে তা অনুসন্ধানে নামে দুদক।
প্রণব কুমার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্পদের প্রাথমিক অনুসন্ধান শেষ হয়েছে আগামী দুই-এক দিনের মধ্যে প্রতিবেদন কমিশনে জমা হবে।
প্রাথমিক অনুসন্ধানে রানা প্লাজা ছাড়াও তিনটি ভবনের সন্ধান পাওয়া গেছে বলে জানান তিনি।
সাভারে আট তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন রানা টাওয়ার, পাঁচ তলা বিশিষ্ট আবাসিক ভবন এবং মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি রয়েছে রানার।
এছাড়া রানা ব্রিকস ও এম এ কে ব্রিকস নামে দুটি ইটভাটার সন্ধানও পেয়েছে দুদক।
কথিত যুবলীগ নেতা সোহেল রানা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কয়েক বছরের মধ্যে বিত্তশালী হয়ে ওঠেন বলে স্থানীয়রা জানান।
রানা নিজেকে যুবলীগের সাভার পৌরকমিটির জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক পরিচয় দিতেন। তবে যুবলীগের দাবি, তিনি সংগঠনের কোনো পদে ছিলেন না।
সাভারের রানা প্লাজায় সপ্তম দিনের মতো চলছে উদ্ধার অভিযান।
রানার বিষয়ে তদন্তকারী দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানা কিংবা রানার বাবা আব্দুল খালেককে অবিলম্বে সম্পদ বিবরণী দুদকে দাখিলের সুপারিশ করে প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
গত ২৪ এপ্রিল ধসে পড়ে রানা প্লাজা। এতে নিহত হয়েছে ১১ শতাধিক মানুষ।
ভবন ধসের পর পলাতক রানাকে গত ২৮ এপ্রিল বেনাপোলে গ্রেপ্তার করা হয়। রানার বাবা খালেকও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
