রানা প্লাজার ৪ কারখানার আমদানি পণ্য খালাস বন্ধ
সাভারে ধসে পড়া রানা প্লাজার চারটি পোশাক কারখানার জন্য বন্ড সুবিধায় আনা ফেব্রিক্সের ৩০টি আমদানি চালানের খালাস বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।
শুল্কমুক্ত সুবিধায় অন্য কেউ যাতে পণ্য খালাস করতে না পারে সে কারণে এসব চালান খালাস প্রক্রিয়া বন্ধ করে দেয়ো হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
নির্দিষ্ট সময়ের মধ্যে কারখানা স্থানান্তর করার পর এসব পণ্য খালাস করা যাবে বলেও তারা জানান।
রানা প্লাজায় ফ্যান্টম অ্যাপারেলস, নিউ ওয়েব স্টাইল, নিউ ওয়েব বটমস ও ফ্যান্টম টেক নামের চারটি তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা ফেব্রিক্সগুলো ভবন ধসের পর আলাদা জাহাজে ও চালানে চট্টগ্রাম বন্দরে আসে।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার আমীনুল এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিষ্ঠান চারটি যেহেতু বন্ধ রয়েছে, সেহেতু তাদের নাম করে অন্য কেউ বন্ড সুবিধায় আনা এসব পণ্য খালাস যেন না করতে পারে সেজন্য খালাস প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।”
নির্ধারিত সময়ের মধ্যে কারখানা স্থানান্তর করে উৎপাদন কার্যক্রম চালু করা হলে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান চালান খালাসের অনুমতি পাবে।
“নির্ধারিত সময় পরে এই সব পণ্য নিলামের জন্য পাঠানো হবে,” বলেন এহসান।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের সময় এই সব কারখানায় কাজ চলছিলো। ভবন ধসে নিহতের সংখ্যা ১১শ’ ছাড়িয়েছে। সেখানে উদ্ধার কাজ এখনো চলছে।
এই চারটি কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ভবনে ফাটলের পর শ্রমিকের আপত্তি সত্ত্বেও কাজে যোগ দিতে তাদের বাধ্য করা হয় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ।
