২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হরতালে কড়া নিরাপত্তা

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহীতে চলছে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতাল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 05:42 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে এ হরতালের ডাক দিয়েছে দলটি।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নগরীতে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সকালে দুই জামায়াত নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আটকরা হলেন, নগরীর মতিহার থানার হরিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আজম আলী,  রাজপাড়া থানা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও মসজিদ মিশন স্কুলের শিক্ষক ফরিদ উদ্দীন আহমেদ এবং লক্ষ্মীপুর এলাকার জামায়াতকর্মী সাইদ তালুকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় ছয়/সাতজন শিবিরকর্মী গেটার রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

সকালে রাজশাহী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা না গেলেও রিকশা ও অটোরিকশাসহ হালকা যান চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

খোলা রয়েছে আফিস-আদালত, স্কুল-কলেজ ও দোকানপাট।