২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুসলিম বিশ্বের উন্নয়নে এগিয়ে আসবে বিজ্ঞানিরা'

ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের ১৯তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞানি ও বিশেষজ্ঞরা ওআইসির সদস্য দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি টেকসই পথনির্দেশনা তৈরি করতে পারবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন।

ঢাকায় শুরু হওয়া ওআইসির এই ইনস্টিটিউটের এই সম্মেলনের প্রতিপাদ্য ‘বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে মুসলিম বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়ন’।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা ও সাহায্যের জন্য শেখ হাসিনার ওআইসিভুক্ত সংস্থা ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, “জ্ঞানের অন্বেষণ ইসলামিক মূল্যবোধের অন্যতম উপকরণ। প্রকৃতপক্ষে মৌলিক ও ব্যবহারিক বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছিল মুসলমানদের স্বর্ণযুগে।”

বিজ্ঞান ও প্রযুক্তির বিবর্তন প্রক্রিয়ায় মুসলমান বিজ্ঞানি ও পণ্ডিতদের অবদান অপরিসীম। জোতির্বিজ্ঞান, গণিত এবং চিকিৎসাবিজ্ঞানসহ ভৌতবিজ্ঞানের প্রতিটি শাখা আমাদের মুসলমান বিজ্ঞানীদের উদ্ভাবন ও তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয়েছে”, যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “মুসলমানদের রয়েছে ঐশ্বর্যমণ্ডিত ইতিহাস, যা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের পূর্বপুরুষরা তাদের কাজ সুচারুভাবেই সম্পন্ন করে গেছেন। তাদের অর্জনের উপর ভিত্তি করে এখন আমাদের এগিয়ে যেতে হবে।”

মুসলমান বিজ্ঞানিদের বিভিন্ন আবিষ্কারের ও উদ্ভাবনের উদাহরন দেন প্রধানমন্ত্রী।

আর্থ-সামাজিক উন্নয়নে বিজ্ঞান ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আগামী দিনগুলোতে ওআইসিভুক্ত বেশিরভাগ দেশকেই অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ওআইসির মহাসচিব একমেলেদিন ইহসানুগলু, ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের প্রেসিডেন্ট আবদেল সালাম মাজালি ও বাংলাদেশ একাডেমি অফ সাযেন্সের মহাসচিব আহম্মেদ এ আজাদ।

ধন্যবাদ জ্ঞাপন করেন বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি যোগাযোমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ।