সাভার ধসে লাশের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে
সাভারে ধ্বংসস্তুপ থেকে রোববার আরো ৫৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দেশের ইতিহাসে ভয়াবহতম এই ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ছয়শ’ ছাড়িয়েছে।
সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, এ পর্যন্ত ৬১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে ৪৯০ জনের মৃতদেহ।
ধ্বংসস্তুপের নিচে এখনও অনেক মৃতদেহ রয়েছে। যার বেশিরভাগই পচে গলে গেছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
তারা জানান, যতই ধংসস্তুপ সরানো হচ্ছে ততই লাশের সংখ্যা বাড়ছে। শনিবার মধ্য রাত থেকে রোববার বিকাল পর্যন্ত এসব লাশ উদ্ধার করা হয়।
এখনো সাভার অধরচন্দ্র স্কুল মাঠে ও ধংসস্তুপের সামনে প্রিয়জনের মৃতদেহ খুঁজে ফিরছেন স্বজনরা।
ভবন ধসের পর ঠিক কতজন এখনো নিখোঁজ রয়েছেন সেই সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটেনি।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া লাশের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সেনাবাহিনীর পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাশ গুমের প্রশ্নই আসে না।
