‘বেতন বাড়ান প্রতি বছর’
শ্রমিকদের জীবনমানের উন্নয়নে প্রতি বছর বেতন বাড়াতে তৈরি পোশাক শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাভারে ভবন ধসে পাঁচ শতাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর পর উদ্বেগের মধ্যে রোববার বিজেএমইএ নেতারা দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, “প্রতি বছর শ্রমিকদের বেতন বাড়াতে হবে। প্রতি বছর নির্দিষ্ট হারে এই বেতন বৃদ্ধি পাবে।”
প্রতিটি কারখানার শ্রমিকদের থাকার আবাস, চিকিৎসা সেবা নিশ্চিত এবং তাদের শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার রাখতে বলেছেন তিনি।
রানা প্লাজা ধসের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সেখানে উদ্ধার অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।
নিহত শ্রমিকদের সহায়তার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আহত প্রত্যেককে পুনর্বাসন করা হবে। যারা আর কাজ করতে পারবে না, তাদের জন্য পারিবারিক সঞ্চয়পত্রের ব্যবস্থা করা হবে।
শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন করার পর তাদের তৈরি পোশাক কারখানায় চাকরি দেয়া হবে।
তৈরি পোশাক শিল্পের কারখানাগুলো ভারী যন্ত্রপাতির ভার বহনের উপযোগী করে নির্মাণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
“এতো মেশিন চলে। এর তো ভাইব্রেশন তো আছে। এই ভাইব্রেশনের শক যেন অ্যাবজর্ভ করতে পারে- সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
সাভারে নয়তলা বিশিষ্ট রানা প্লাজা ধসের অন্যতম কারণ হিসেবে ভারী যন্ত্রপাতি এবং অনেকগুলো জেনারেটরের একসঙ্গে চলাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। ভবন ধসে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কমিটি আরো বলেছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ওই ভবনটি তৈরি হয়েছিলো।
সাশ্রয়ী নৌ-যোগাযোগের ব্যবহার বাড়িয়ে কল-কারখানা ঢাকার বাইরে গড়ে তোলার পরামর্শ দেন শেখ হাসিনা।
বৃষ্টির পানি ধারণ করার জন্য জলাধারের জায়গা রাখা এবং ভবনের চারদিকে খোলা জায়গা রাখার ওপরও জোর দেন তিনি।
কারখানা ঢাকার বাইরে স্থানান্তরের ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দ্রুত পেতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চান বিজিএমইএ’র সাবেক সভাপতি টিপু মুন্সী।
