২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'অনুপ্রেরণা হয়ে থাকবেন এজাজ'

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাতে দিয়ে মারাত্মক দগ্ধ স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী এজাজ উদ্দিন কায়কোবাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, সাভারের ওই মর্মান্তিক দুর্ঘটনার পর নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়ে তিনি জাতীয় বীরের আদর্শ স্থাপন করেছেন।

“এজাজের এ অবদান মানুষ কোনো দিন ভুলবে না এবং অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি।”

সেইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কায়কোবাদ (৩৫)।

গত ২৮ এপ্রিল রাতে সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়া পোশাক শ্রমিক শাহীনাকে উদ্ধার করতে গিয়ে আগুন লাগলে দগ্ধ হন কায়কোবাদসহ কয়েকজন উদ্ধারকর্মী।

প্রথমে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে।

ওই হাসপাতালে ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করে হার মানেন এই স্বেচ্ছাসেবী।

পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কায়কোবাদ একটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।