নড়াইলে বজ্রপাতে নিহত ২
নড়াইলের সদর ও লোহাগড়া উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯ টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এদের মৃত্যু হয়।
এরা হলেন, নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার গফুর জম্মাদারের ছেলে আক্কাস জম্মাদার (২৮) এবং লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী শরশুনা গ্রামের মনোয়ার শেখের ছেলে আবু বক্কার শেখ (২২)।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক বেলাল হোসেন জানান, আক্কাস জম্মাদার ঝড়ের সময় ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে সে গুরত্বর আহত হয়। হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল আমিন লিটু জানান, ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আবু বক্কারের মৃত্যু হয়েছে।
এ দিকে ঝড়ে মহিষখোলা, রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ ভেঙ্গে পড়ায় সকাল থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
