শাপলা চত্বরে সমাবেশের অনুমতি পেল হেফাজত
অবরোধ করে ঢাকা 'বিচ্ছিন্ন' করে রাখা হেফাজতে ইসলাম দুপুরে ঢাকার কেন্দ্রস্থল মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পেয়েছে।
হেফাজতে ইসলাম জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর রাস্তায় সমাবেশে করার অনুমতি চাইলেও শনিবার তার অনুমতি পায়নি।
এরই মধ্যে শাপলা চত্বরে এসে জড়ো হয়েছে হেফাজতকর্মীরা।
অবরোধস্থলে থাকা হেফাজতের নেতাকর্মীরা অবশ্য পুলিশের ব্যারিকেড ভেঙে হলেও ঢাকায় সমাবেশ করার হুঁমকি দিচ্ছিলেন। প্রয়োজনে দুই-তিন দিন অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ারও কথা জানান হেফাজতকর্মীরা। অনেক স্থানে তারা অবরোধস্থল থেকে অনেকটা পথ মিছিল করে এগিয়ে আসেন।
ব্লগারদের শাস্তি ও নারীনীতি বাতিলসহ ‘বিতর্কিত’ ১৩ দফা দাবিতে সরকারকে চূড়ান্ত চাপ দিতে হেফাজত ইসলামীর অবরোধে সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী।
রোববার ভোরে ফজরের নামাজের পরপরই ১৩ দফা দাবিতে হেফাজতকর্মীরা টঙ্গী ব্রিজ, যাত্রাবাড়ির কাজলা, ডেমরা, বাবুবাজার ব্রিজ, পোস্তগোলা ব্রিজ, নারায়ণগঞ্জ ও সাভারের আমিনবাজার ও গাবতলীতে অবস্থান নেয়। তাদের ঢাকার কেন্দ্রে আসা ঠেকাতে বিভিন্ন স্থান ব্যারিকেডও দেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানান, এরই মধ্যে যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদ এবং আবদুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এগোয় হেফাজতকর্মীরা।
শাপলা চত্বরে অনুমতি পাওয়ার পর ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ ও র্যাব সদস্যরাও।
