নোয়াখালীতে শ্রমিক দলকর্মী খুন
নোয়াখালীতে শ্রমিক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই হামলায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে পৌরসভার কাঞ্চন মিয়ার পুল সংলগ্ন খাল থেকে সাজ্জাদ হোসেন দিপুর (২৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে ছয় ঘণ্টা সড়ক অবরোধ করেছে জনতা।
সাজ্জাদ নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া মাদ্রাসা এলাকার আবদুল কাদেরের ছেলে।
আহত আরমান হোসেন বাবুকে (২২) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত-পায়ের রগ কেটে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলম বলেন, শ্রমিক দলের দুই কর্মী দিপু ও আরমান বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন।
আশঙ্কাজনক অবস্থায় ভোর পৌনে ৪টা দিকে সোনাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বাবুকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি।
তিনি বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকাল সাতটা থেকে সোনাপুর-মাইজদী, সোনাপুর-সুবর্ণচর, সোনাপুর-রামগতী, সোনাপুর-কবির হাটসহ বেশ কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করে। এ সময় দুজন আহত হয়।
পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়, বলেন ওসি।
