সাভার ধস: শাস্তির দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট
সাভারে ভবন ধসে বিপুল প্রাণহানির জন্য দায়ী ভবন ও কারখানা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট করছে প্রগতিশীল ছাত্রজোট।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও কার্জন হলের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ছাত্র জোটের নেতা-কর্মীরা। কলা ভবনের ফটকে তালা লাগিয়ে দেয় তারা।
কলা ভবনসহ বিভিন্ন ফটকে ধর্মঘট সমর্থনে ব্যানার, পোস্টার লাগায় ধর্মঘট সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট পালনে আহ্ববান জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস না হলেও পরীক্ষা হচ্ছে।
তবে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সমাজ বিজ্ঞান বিভাগের সাবরিনা ইয়াসমিন বলেন, আমরা তরুণ ও শিক্ষার্থীরা যদি এ ঘটনার প্রতিবাদ করি। তাহলে সরকার বাধ্য হবে জড়িতদের শাস্তি দিতে।
আন্দোলনকারী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার বলেন, সাভারের এই 'হত্যাকাণ্ড' আমাদের বিবেককে স্তব্ধ করে দিয়েছে। এ ধরণের হত্যাকাণ্ডের পর আমরা বসে থাকতে পারি না।
তিনি আরো বলেন, সকাল থেকেই আমরা ধর্মঘট সমর্থনে ক্যাম্পাসে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস-পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীরা এই ধর্মঘট সমর্থন করেছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সাভার ট্রাজেডিতে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থার দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ধর্মঘট
প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে পরীক্ষা হলেও ক্লাশ হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে সাতটায় শহরের বটতলী স্টেশন থেকে ছাড়া ট্রেনটি আটকে দেয় প্রগতিশীল ছাত্র জোটকর্মীরা। পরে প্রায় তিন ঘন্টা পর একটি ট্রেন বটতলী থেকে ছেড়ে আসে ।
সমাজতান্ত্রিক ছাত্রফন্টের বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিব দেব নাথ জানান, সাভার 'হত্যাকাণ্ডের' ঘটনায় বিভিন্ন দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে।
