২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক

সাভারে ভবন ধসে বিপুল প্রাণহানির জন্য দায়ী ভবন ও কারখানা মালিকদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ৩০ এপ্রিল সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এই  ধর্মঘটের ঘোষণা দেন। একই দাবিতে আগামী ২ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাম দলগুলো।

প্রগতিশীল ছাত্রজোটের নেতারা ধর্মঘটের আগে আগামী ২৮ এপ্রিল দেশব্যাপী শ্রমিক ধর্মঘটের সঙ্গে একাত্মতা জানিয়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বর্জনের জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে রানা প্লাজার মালিক এবং সেখানে অবস্থিত গার্মেন্ট মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হতাহত শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়।

এছাড়া কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটভুক্ত সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন লিখিত বক্তব্যে কর্মসূচিগুলো ঘোষণা করেন।

এ সময় অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপরই সাভারে ভবন ধসে হতাহতের ঘটনা নিয়ে পৃথক সংবাদ সম্মেলন করে প্রগতিশীল অন্য চার ছাত্র সংগঠন। তারা হলো- বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র সমিতি।

সাভারে হতাহতের প্রতিবাদে ২৮ এপ্রিল বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু।

সাভারে প্রাণহানির ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানসহ ছয় দফা দাবি তুলে ধরেন তিনি।