নওগাঁয় অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ, আতংকে শহরবাসী
নওগাঁ শহরের ব্যস্ততম বিভিন্ন মার্কেট এলাকাসহ শহরের বিভিন্নস্থানে অন্তত অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবন ধসে পড়ে যে কোনো সময় মারাত্মক বিপর্যয় ঘটতে পারে।
যে কোন মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার আশংকা করছেন শহরবাসী।
সাভার ট্র্যাজেডির পর অবশ্য নওগাঁ পৌরসভা শহরের ঢাকা ম্যানশন, বজরংলাল আগরওয়ালার বাসভবন, বদরী প্রসাদ আগরওয়ালার বাসভবন, পুরাতন এ্যাডভোকেট বার ভবন, সোনালী ব্যাংক ভবন, পাশের কিশোর আগরওয়ালের ভবন, কাজী ভবন, ভবানী ভান্ডার, জেলা সমবায় অফিসারের কার্যালয়সহ ৩০টি ভবন ও ৩টি মার্কেটের ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে সনাক্ত করে এসব ভবন ভেঙে ফেলা ও অপসারনের জন্য মার্কেট ও ভবনের মালিকদের নোটিশ দিয়েছে।
নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি জানান, নোটিশ পাওয়ার পরও ঝুঁকিপূর্ণ এসব ভবন অপসারণ বা ভেঙে ফেলা না হলে জন নিরাপত্তার স্বার্থে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে । ইতোমধ্যে এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। সনাক্তের বাইরেও আরো ঝুঁকিপূর্ণ ভবন থেকে থাকলে সেগুলো অপসারণে শহরে দু’দিন ধরে মাইকিং করা হচ্ছে।
এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক জানান, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ভবন সনাক্ত ও তালিকা প্রনয়ণের জন্য নওগাঁ পৌর মেয়র ও জেলার ১১ উপজেলা নিবার্হী অফিসারকে চিঠি দেয়া হয়েছে। তালিকা পাওয়ার পর এসব ভবন অপসারণে পদক্ষেপ নেয়া হবে ।
সিপিবি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্প্দাক মহশিন রেজা বলেন, নওগাঁ শহরের ঝুঁকিপূর্ণ এসব ভবন একেকটা যেন ‘মরণ ফাঁদ’। অধিকাংশ ভবনে লোকজন বসবাস করে এবং ভবন গুলোর নিচতলায় রয়েছে মার্কেট। এছাড়া অধিকাংশ ঝুঁকিপূর্ণ ভবন বিভিন্ন মার্কেট এলাকায় ও জনবহুল ব্যস্ততম সড়কের পাশে । এসব ভবন ধসে পড়ে যে কোন মুহুর্তে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে।
