চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় সংবাদকর্মীকে কুপিয়ে জখম
চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় সন্ত্রাসীদের হামলায় তিন ভাই মারাত্মক জখম হয়েছেন। এসময় স্থানীয় বাসিন্দারা দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোমবার বেলা ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজারে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান জানান, ধুলিহর বড়খামার এলাকার রেজাউল করিম মিঠুর ব্যবসায়ী প্রতিষ্ঠান গাজী ষ্টুডিওতে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিল। সোমবার দুপুরে একাধিক মামলার আসামী মিনাজ ও মাসুদসহ কয়েক সন্ত্রাসী ওই ষ্টুডিওতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে।
চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা মিঠুকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় মিঠুর ভাই সেলিম ও রহিম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে আহত করে।
পরে স্থানীয় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী মিনাজ ও মাসুদকে আটক করে পুলিশে খবর দেয়।
ওসি আরও জানান, আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সংবাদকর্মী মিঠুর অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
