২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানার ‘নিরাপত্তা’ দেখতে কমিটি হচ্ছে

পোশাক কারখানাগুলোর ‘নিরাপত্তা ব্যবস্থা’ সরেজমিনে খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

এছাড়া ইমারত বিধি (বিল্ডিং কোড) হালনাগাদ করারও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, একজন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে এ কমিটি হবে।

কমিটি সারাদেশে গার্মেন্ট কারখানাগুলো পরিদর্শন করে সমস্যগুলো চিহ্নিত করবে এবং মন্ত্রিসভা কমিটিতে প্রতিবেদন দেবে। 

মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিমন্ত্রীর নাম প্রধানমন্ত্রী ঠিক করে দেবেন। 

“মন্ত্রিসভা কমিটিতে পোশাক শিল্প বিষয়ক একটি টেকনিক্যাল কমিটি থাকলেও নতুন এই কমিটি ‘হাই পাওয়ার কমিট’ হিসাবে কাজ করবে।”

মন্ত্রিসভার বৈঠকে সাভারের ভবন ধসে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের চাহিদা অনুযায়ী সাহায্য দেয়ারও সিদ্ধান্ত হয় বলে সচিব জানান।

তিনি বলেন, সভায় ইমরাত বিধি হালনাগাদ করারও সিদ্ধান্ত হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রিসভায় এ বিষয়ে একটি অবস্থানপত্র তুলে ধরেছে।

“বিল্ডিং কোডের বিদ্যমান বিধিবিধান ও অনুশাসন তুলে ধরে যুগোপযোগী আইন করার জন্য মন্ত্রিসভায় প্রস্তাব দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।”

এ কাজে কি পরিমাণ লোকবল দরকার হবে তা মন্ত্রণালয় তা মন্ত্রিসভাকে জানাবে। তারপর এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে সচিব জানান।  

সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে মন্ত্রীসভাকে জানানো হয়, ১৯৭৫ থেকে ১৯৭৯ এবং ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দুই সামরিক সরকারের আমলে জারি করা চারটি অধ্যাদেশ ‘আবশ্যক’ ও ৩১টি অধ্যাদেশ ‘অনাবশ্যক’।

‘আবশ্যক’ ওই চার অধ্যাদেশ আইনের খসড়া আকারে মন্ত্রিসভায় তোলা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।